সংবাদদাতা, বেলদা: কেশিয়াড়ির গোপালপুরেচোলাই তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করল আবগারি দপ্তর। এই কাঁচামাল মজুতের অভিযোগে একজন গ্রেপ্তার হয়েছে। বুধবার গোপালপুর এলাকার তিনটি গুদামঘর ও একটি বাড়িতে যৌথ অভিযান চালায় জেলা আবগারি দপ্তর ও কেশিয়াড়ি থানার পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এই গুদামগুলি থেকে বিভিন্ন চোলাই তৈরির ঠেকে চলে যেত সব কাঁচামাল। তিনটি গুদামঘরের পাশাপাশি এলাকার একটি বাড়িতেও অভিযান চালানো হয় এদিন। আবগারি দপ্তর জানিয়েছে, একটি অ্যালুমিনিয়াম ও লোহার সামগ্রী বিক্রির দোকানের ভিতরেই মজুত ছিল মহুল ফুল, বাখর, গুড়, অ্যামোনিয়াম ক্লোরাইড-সহ চোলাই তৈরির নানা সামগ্রী। ধৃত ব্যক্তি শরদিন্দু সাহুর বিরুদ্ধে আবগারি আইনে মামলা দায়ের হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার খড়্গপুর আদালতে তোলা হবে। এদিন অভিযানের পর চারটি ঘর সিল করে দেয় পুলিস।
আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, এদিন গোপালপুরের চার জায়গায় চলা এই অভিযানে চোলাই তৈরির যে পরিমাণ কাঁচামাল পাওয়া গিয়েছে তার মূল্য কয়েক লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধারের পর তদন্তে নেমেছে কেশিয়াড়ি থানার পুলিস। কীভাবে এই এলাকায় এত পরিমাণ চোলাই মদ তৈরির কাঁচামাল মজুত করা হয়েছে তার তদন্ত করে দেখছে পুলিস। এর সঙ্গে আর কে, কে জড়িত তাও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। -নিজস্ব চিত্র