Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশনে ফের বিপুল টাকা উদ্ধার, গ্রেপ্তার ধানবাদের বাসিন্দা

ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। উদ্ধার হওয়া টাকার অঙ্ক ২৩ লক্ষ ৫০ হাজার টাকা

হাওড়া স্টেশনে ফের বিপুল টাকা উদ্ধার, গ্রেপ্তার ধানবাদের বাসিন্দা
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। উদ্ধার হওয়া টাকার অঙ্ক ২৩ লক্ষ ৫০ হাজার টাকা। সোমবার ১২ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এক ব্যক্তিকে আটক করে আরপিএফ। তখন তাঁর ব্যাগ তল্লাশি করলে পাওয়া যায় ওই টাকা। ওই ব্যাগের মালিক ধানবাদের বাসিন্দা নীতেশকুমার গুপ্তকে গ্রেপ্তার করেছে আরপিএফ। এর আগে রবিবার রাতে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৬৭ লক্ষ টাকা। পরপর দু’দিন হাওড়ার প্ল্যাটফর্ম থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধারের ঘটনায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার ডাউন গান্ধীধাম এক্সপ্রেসে করে হাওড়ায় আসেন নীতেশ। ট্রেন থেকে ১২ নম্বর প্ল্যাটফর্মে নামার পর তাঁকে দেখে সন্দেহ হয় আরপিএফ কর্মীদের। তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর ব্যাগে তল্লাশি চালালে ২৩ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়া যায়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, এই টাকার স্বপক্ষে কোনো নথি বা সন্তোষজনক তথ্য দিতে পারেননি নীতেশ। টাকার উৎস, কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল— কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেননি অভিযুক্ত। এরপর তাঁকে গ্রেপ্তারের পর তদন্তের স্বার্থে নীতেশকে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। গত রবিবার রাতেও একই ধরনের ঘটনায় হাওড়া স্টেশনে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেদিন রাতে টহল দেওয়ার সময় আরপিএফের গোয়েন্দা বিভাগের কর্মীরা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। তাঁকে আটক করে ব্যাগ তল্লাশি করলে উদ্ধার হয় প্রায় ৬৭ লক্ষ টাকা। ধৃতের নাম সুজিত কালে। তিনি মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা। পরপর দু’দিনে প্রায় ৯০ লক্ষ টাকা উদ্ধার হওয়ায় স্টেশনে যাত্রীদের ব্যাগের উপর নজরদারি আরও জোরদার করেছে আরপিএফ।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ