সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রেললাইনের ধারে জলাশয় থেকে এক আদিবাসী ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুর গ্রামে। খুন নাকি আত্মহত্যা, নাকি দুর্ঘটনা সেই তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা। শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ইমিল কুজুর (৩১)। তাঁর বাড়ি অসমের তিনশুকিয়ায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নারায়ণপুর গ্রামে জলাশয়ে এক দেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর চাউর হতেই জলাশয় ঘিরে মানুষ ভিড় জমান। ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, দেহটি দেখে মনে হচ্ছে দুই তিন দিন ধরে এটি পড়ে ছিল।



