সংবাদদাতা, বহরমপুর: বাড়ির পাশের আবর্জনা পোড়াতে গিয়ে আগুনে দু’হাত ঝলসে গেল এক মহিলার। রবিবার সকাল ১০টা নাগাদ হরিহরপাড়া থানার পদ্মনাভপুরের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জখম মহিলার নাম মারুফা বিবি। পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়ির পাশে প্রচুর আবর্জনা জমেছিল। রবিবার সকালে মারুফা বিবি আগুন ধরিয়ে পোড়াচ্ছিলেন। পাশে রাখা প্লাস্টিকের টুলটি আগুনে পড়ে গেলে তিনি তা তোলার চেষ্টা করেন। আর তাতেই গনগনে আগুনে তাঁর দু’হাতই ঝলসে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। মারুফা বিবি বলেন, টুলে বসেই আবর্জনা পোড়াচ্ছিলাম। উঠে যেতেই টুলটি আগুনে পড়ে যায়। তা তুলতে গিয়ে দু’হাত পুড়ে যায়।



