Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্যোগ বিধ্বস্ত আলিপুরদুয়ারের ২ স্কুলের পড়ুয়াদের সাহায্যে হাওড়ার শিক্ষক-শিক্ষিকারা

পুজোর পর বৃষ্টিতে ভেসে গিয়েছিল উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। বিপর্যয় থামলেও অসহায়তার সঙ্গে এখনও লড়ছে ডুয়ার্সের নদীর পাড়ের বাসিন্দারা।

দুর্যোগ বিধ্বস্ত আলিপুরদুয়ারের ২ স্কুলের পড়ুয়াদের সাহায্যে হাওড়ার শিক্ষক-শিক্ষিকারা
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুজোর পর বৃষ্টিতে ভেসে গিয়েছিল উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। বিপর্যয় থামলেও অসহায়তার সঙ্গে এখনও লড়ছে ডুয়ার্সের নদীর পাড়ের বাসিন্দারা। বই-খাতা হারিয়ে চোখে জল খুদে পড়ুয়াদের। এবার ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হাওড়া জেলার কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা। নিজেদের উদ্যোগে আলিপুরদুয়ারের দু’টি স্কুলের পড়ুয়াদের বইখাতা সহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম পাঠালেন তাঁরা।

Advertisement

আলিপুরদুয়ার-দু’নম্বর ব্লকের শান্তিদেবী হাই স্কুল ও মাদারিহাট ব্লকের শিশুবাড়ি হাই স্কুলের পড়ুয়াদের বিভিন্ন জিনিসপত্র পাঠানো হয়েছে। প্রতিটি স্কুলের ১৮০ পড়ুয়াকে স্কুল ইউনিফর্ম, পাঠ্যপুস্তক, খাতা, পেন, মশা মারার ধূপ, জিওলিন, মোমবাতি স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডোমজুরের মহিয়ারী উচ্চ বিদ্যালয়, তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের মতো স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। পাশে দাঁড়িয়েছেন কয়েকজন সমাজসেবীও। মহিয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেন বলেন, ‘আলিপুরদুয়ারের প্রত্যন্ত এলাকার ওই দু’টি স্কুলের পড়ুয়াদের হাল খুবই খারাপ। ওরা যাতে আবার নতুন করে স্বপ্ন দেখতে পারে, সেজন্য সামান্য উদ্যোগ নিয়েছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ