Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

একই দিনে দু'বার! এসএসকেএম হাসপাতালে গাছ ভেঙে পড়ে মৃত এক, আহত তিন

সোমবার মর্মান্তিক দুর্ঘটনা কলকাতার পিজি (এসএসকেএম) হাসপাতালে। একই দিনে পরপর দুটি গাছ ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হয়েছেন মোট তিন জন। পরপর গাছ পড়ে দুর্ঘটনার ঘটনায় অস্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ।

একই দিনে দু'বার! এসএসকেএম হাসপাতালে গাছ ভেঙে পড়ে মৃত এক, আহত তিন
  • ২৪ আগস্ট, ২০২৬ ১৪:৪২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার মর্মান্তিক দুর্ঘটনা কলকাতার পিজি (এসএসকেএম) হাসপাতালে। একই দিনে পরপর দুটি গাছ ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হয়েছেন মোট তিন জন। পরপর গাছ পড়ে দুর্ঘটনায় অস্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরই হাসপাতাল চত্বরে থাকা গাছগুলির স্বাস্থ্য পরীক্ষা করাতে বনদপ্তরের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

প্রথম ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ হাসপাতালের ইউরো-নেফ্রো বিল্ডিংয়ের সামনের দিকে। আচমকাই একটি কলাগাছ ভেঙে পড়ে। সেই সময় গাছটির নীচে ছিলেন একই পরিবারের তিনজন। তাঁদের ঘাড়ের উপর গাছটি এসে পড়ে। তবে গাছটির কাণ্ড নরম হওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়। আহত তিনজনকেই দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রয়োজনীয় এক্স-রে, সিটি স্ক্যান-সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। গুরুতর কোনও চোট ধরা না পড়ায় চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এর কিছুক্ষণ পরেই ঘটে দ্বিতীয় দুর্ঘটনা। ফের ইউরো-নেফ্রো বিল্ডিংয়ের পিছনের দিকে একটি বড় শিমুল গাছ ভেঙে পড়ে। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি হাসপাতাল চত্বরে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। মৃতার নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটির বাসিন্দা। মৃতা এক রোগীর বাড়ির লোক। মাঝবয়সি রোগিণী ভর্তি আছেন ইউরোলজি বিভাগে। নাম আতলিমা বিবি। মৃত রাহিদা বিবি তাঁরই দেখাশোনা করতেন। এদিন নিউরোলজি বিভাগের নিচে বসে মুড়ি খাচ্ছিলেন রাহিদা। সেই সময় গাছটি ভেঙে পড়ে। এর পরেই ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানানো হয় পুুলিশের তরফে। 

অল্প সময়ের ব্যবধানে হাসপাতাল চত্বরে পরপর দুটি গাছ ভেঙে পড়ায় গাছগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষাকালে পুরনো বা দুর্বল গাছ ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতাল চত্বরে থাকা গাছগুলির স্বাস্থ্য পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বনদপ্তরকে চিঠি পাঠানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কোন গাছগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দিকেই এখন নজর কর্তৃপক্ষের।

Advertisement
সম্পর্কিত সংবাদ