নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কেউ ত্রিশ বছর, কেউ বা চল্লিশ বছর ধরে হাওড়া শহরকে পরিষ্কার রাখার কাজ করছেন। কিন্তু স্থায়ী চাকরি মেলেনি। সেভাবে বৃদ্ধি পায়নি বেতনও। এই দুই দাবিকে সামনে রেখে বুধবার দুপুরে প্রায় আধ ঘণ্টা মহাত্মা গান্ধী রোড অবরোধ করে বিক্ষোভ দেখান হাওড়া পুরসভার সাফাইকর্মীরা। এনিয়ে তাঁরা দাবিদাওয়াও পেশ করেন পুরসভার কমিশনারের কাছে। এদিন তাঁদের বিক্ষোভের কারণে দুপুরের ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণ যানজট হয় এম জি রোডে। পরে পুলিস ও পুরসভার আশ্বাসে তাঁরা বিক্ষোভ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাওড়া পুরসভায় প্রায় ৪২০০ জন সাফাইকর্মী রয়েছেন। কেউ দিনমজুর হিসেবে, আবার কেউ বিভিন্ন প্রকল্পের অধীনে কাজ করছেন। রাস্তা পরিষ্কার, জঞ্জাল সাফাই থেকে নর্দমার নোংরা বের করা, সবটাই তাঁদের করতে হয়। কিন্তু তাঁদের অভিযোগ, এতগুলি বছরেও বেতন সেভাবে বাড়েনি। সামান্য মজুরিতে পরিবারের অন্নসংস্থান করা সম্ভব হচ্ছে না। অনেকে আবার গত কয়েক মাসে ধরে বেতনও পাচ্ছেন না।



