নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাস্তার পাশে বড়ো বড়ো ভ্যাটে জমে থাকা আবর্জনা থেকে ছড়ায় দুর্গন্ধ। উপচে পড়া জঞ্জালে বাধা পান পথচলতি মানুষও। এই সমস্যা দূর করতে এবার বড়ো ভ্যাট তুলে দেওয়ার পরিকল্পনা করল হাওড়া পুরসভা। শহরের বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে নতুন করে ১৯টি কম্প্যাক্টর মেশিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তৈরি করা হবে আরও তিনটি কম্প্যাক্টর স্টেশন। পুরসভার পরিকল্পনা, এই পরিকাঠামো তৈরি হলে ধাপে ধাপে শহরের বড়ো ভ্যাটগুলি বন্ধ করে দেওয়া হবে।
পুরসভা সূত্রে খবর, বর্তমানে হাওড়া শহরে প্রায় ১৫০টি বড়ো ভ্যাট রয়েছে। সেগুলির পরিবর্তে ছোটো ছোটো ভ্যাট থেকে পুরসভার গাড়িতে আবর্জনা নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট কম্প্যাক্টর স্টেশনে। সেখানে যন্ত্রের সাহায্যে কয়েক টন জঞ্জাল একসঙ্গে পিষে তার জল বের করে আয়তন কমানো হবে। এরপর সেই বর্জ্য পাঠানো হবে ভাগাড়ে। ফলে রাস্তার পাশে দীর্ঘক্ষণ আবর্জনা জমে থাকার সমস্যা অনেকটা কমবে বলে মনে করছেন পুরসভার আধিকারিকরা।
প্রসঙ্গত, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে শহরে চারটি কম্প্যাক্টর স্টেশন তৈরি করে মোট ১১টি মেশিন বসানো হয়েছিল। হাওড়া মাছের বাজারে তিনটি, সীতানাথ বোস লেনে তিনটি, টিকিয়াপাড়ায় দু’টি এবং রাউন্ড ট্যাঙ্ক লেনে তিনটি মেশিন বসানো হয়। কিন্তু বর্তমানে রাউন্ড ট্যাঙ্ক লেনের তিনটি মেশিনই সচল। বাকি আটটি যন্ত্র বিকল হয়ে পড়ে রয়েছে। সেগুলি মেরামতির পাশাপাশি নতুন ১৯টি মেশিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন তিনটি স্টেশন তৈরি হচ্ছে আড়ুপাড়া, কদমতলা এবং উত্তর হাওড়ার ঘাসবাগান ট্রামডিপোতে। আগে কেনা বিকল মেশিনগুলিও মেরামত করা হবে। পুরসভার পরিকল্পনা, বড়ো ভ্যাটগুলি বন্ধ করে শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও উন্নত করা। ভবিষ্যতে যাতে যন্ত্র বিকল হয়ে এই পরিষেবা ব্যাহত না হয়, সেদিকেও নজর দেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, একটি কম্প্যাক্টর মেশিন দিনে প্রায় ২০ টন আবর্জনা সংকুচিত করতে পারে। ফলে নতুন মেশিনগুলি চালু হলে প্রতিদিন কয়েকশো টন বর্জ্য সরানোর সুযোগ তৈরি হবে। তাতে শহরের পরিচ্ছন্নতা বাড়বে বলেই আশা পুর কর্তৃপক্ষের।



