সংবাদদাতা, রায়গঞ্জ: শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে রায়গঞ্জ পুরসভা। শহরে কতগুলি বাসস্থান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধভাবে তৈরি হয়েছে, তার সমীক্ষা ইতিমধ্যে শেষ করেছে পুর কর্তৃপক্ষ। সেই সমীক্ষায় উঠে এসেছে,বহুতল নির্মাণের ক্ষেত্রেও পুরসভার আইন অমান্য হয়েছে। সেইসব অবৈধ নির্মাণ চিহ্নিত হয়েছে। রায়গঞ্জের পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, ইঞ্জিনিয়াররা সার্ভে শেষ করেছেন। আমরা অবৈধ নির্মাণ চিহ্নিত করেছি। শীঘ্রই পদক্ষেপ হবে। সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
পুরসভা সূত্রে খবর, চার মাস ধরে পুরসভার ২৭ টি ওয়ার্ডের মধ্যে ২৫ টি ওয়ার্ডে সার্ভে হয়েছে। ৪ নম্বর ও ২৬ নম্বর ওয়ার্ডে এখনও সার্ভে করা হয়নি। মোট ৫ হাজার ৩২৪টি বাসস্থান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সার্ভে করে বহু নির্মাণকে অবৈধ বলে চিহ্নিত করেছে পুরসভা। ৪০টি বহুতলকেও অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিল্ডিংগুলি পুরসভার প্ল্যান ছাড়াই নির্মাণ করা হয়েছে। অনেকে পুরসভার প্ল্যান অনুযায়ী বিল্ডিং নির্মাণ করেননি।
রায়গঞ্জ শহরে অবৈধ নির্মাণের অভিযোগ নতুন নয়। প্রতিনিয়ত যত্রতত্র তৈরি হচ্ছে বিল্ডিং। কোথাও রাস্তার উপর চলে আসছে হোটেল, রেস্তোরাঁ। কোথাও বহুতল নির্মাণ হলেও পার্কিংয়ের জায়গা নেই। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবৈধ নির্মাণ নিয়ে পুরসভা আগে কেন পদক্ষেপ করেনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী।
এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে শুধু জরিমানা নিয়ে ছেড়ে দিলে হবে না। আগামী দিনে এই অবৈধ নির্মাণ কীভাবে আটকানো যায়, সেই ব্যবস্থা পুরসভাকে করতে হবে বলে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুণ্ডু জানিয়েছেন। তাঁর বক্তব্য, শহরবাসীর কথা মাথায় রেখে কঠোর পদক্ষেপ নিতে হবে পুরসভাকে। কারণ, শহর অবৈধ নির্মাণে ভরে গিয়েছে।