Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ডোমকলে শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হল এক গৃহবধূর

ডোমকলে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: ডোমকলে শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতের নাম শাকিলা বিবি(৩৮)। শনিবার সকালে ডোমকলের দক্ষিণনগরে বধূর শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক বধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় মৃতের বাপেরবাড়ির লোকজন স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগে সরব হয়েছেন। যদিও শনিবার বিকেল পর্যন্ত ওই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিস জানিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিস। 

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ডোমকলের রমনা বসন্তপুরের ওই মহিলার সঙ্গে দক্ষিণনগরের এক যুবকের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগেই ছিল। দীর্ঘদিন ধরে কেরলে শ্রমিক হিসেবে কাজ করলেও শাকিলাবিবিকে টাকাপয়সা দিত না তাঁর স্বামী। এক ছেলেকে নিয়ে বিড়ি বেঁধে কোনওরকমে সংসার চালাতেন শাকিলাবিবি। ঈদের আগে তাঁর স্বামী বাড়ি ফিরলেও স্ত্রী ও ছেলের প্রতি কোনও কর্তব্য পালন করেনি। শনিবার সকালে বিছানায় লেপ চাপা তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের পরিবারের দাবি, রাতে বাড়িতে ঢুকে তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে তাঁদের জামাই।  
মৃতের ছেলে সাইদ মণ্ডল বলে, আমার বাবা কেরলে কাজ করে। তিন বছর ধরে কোনও টাকা পয়সাও দেয় না। আমাদের দেখে না। ডোমকলের একটি বিউটি পার্লারের কর্মীকে বছরখানেক আগে বাবা বিয়ে করেছে। তারপরেও আমার মা কিছু বলত না। শুক্রবার গভীর রাতে আমার বাবা বাড়িতে এসেছিল। পাড়ার লোকজনও বাবাকে দেখেছে। আমাদের অনুমান, বাড়িতে ঢুকে মাকে বাবা খুন করেছে।
পুলিসের এক আধিকারিক বলেন, ওই বধূর শরীরে একাধিক জায়গায় দাগ রয়েছে। পাশপাশি মৃতের পরিবারের লোকজনও খুনের অভিযোগে সরব হয়েছেন। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ