সংবাদদাতা, চাঁচল: পণের দাবিতে বধূ নির্যাতনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মঙ্গলবার মারধর সহ একাধিক অভিযোগ নিয়ে চাঁচল থানার দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা। জানা গিয়েছে, পাঁচ বছর আগে চাঁচল-২ ব্লকের মিরজাতপুরের ফুলসারি খাতুনের সঙ্গে বিয়ে হয় লাগোয়া পরানিনগরের টোটো চালক রুজেল আলির। বিয়ের পরে মেয়ের পরিবার জানতে পারে, আগেও রুজেলের বিয়ে হয়েছিল। তবে তা বেশিদিন টেকেনি। পুত্র সন্তান হওয়ায় আর সংসারের মায়া ছাড়তে পারেননি ফুলশারি খাতুন। বর্তমানে তিন বছরের একটি পুত্র সন্তানও রয়েছে তাদের। সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতিমাসে শিশুকে রক্ত দিতে হয়। অভিযোগ, কয়েকবছর ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন ফুলশারি। পণের দাবিতে একাধিকবার মারধর করা হয় বলে অভিযোগ। দিন কয়েক আগে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অসুস্থ শিশু সন্তান নিয়ে বাপের বাড়িতেই আশ্রয় নিয়েছেন নির্যাতিতা মহিলা। তবে বাবার বাড়িতে থাকা অবস্থায় শিশুর চিকিৎসার প্রয়োজন হয়। জামাইয়ের বাড়িতে চিকিৎসার কাগজ আনতে যান শ্বশুর তমিজুদ্দিন। তাঁকেও ধাক্কাধাক্কি করে তাড়িয়ে দেওয়া হয়। সেসময় জামাই টোটো চালিয়ে পায়ের উপর দিয়ে চলে যায়। এতে তাঁর ডান পা গুরুতর জখম হয়।



