সংবাদদাতা, উলুবেড়িয়া: সাংসারিক অশান্তির জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, উদয়নারায়ণপুরের বিধিচন্দ্রপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সালমা খাতুন (২৬)। এই ঘটনায় উদয়নারায়ণপুর থানার পুলিশ শ্বশুর শেখ লিয়াকতকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি শাশুড়ি জাহানারা বেগমকে আটকও করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
সালমা তাঁর স্বামী জাবির আলমের দ্বিতীয় স্ত্রী। বছর আট আগে সালমার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুটি কন্যা সন্তান আছে। সালমা বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জাবির সুরাটে সোনার কাজ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই সালমাকে নিয়ে তাঁর শ্বশুরবাড়িতে অশান্তি হত। এর আগেও একাধিকবার এমন অশান্তি পাড়া-প্রতিবেশীরা বসে মিটিয়ে দিয়েছিলেন। সোমবার সকালেও সেই রকম অশান্তি হচ্ছিল। তখন লিয়াকত ঘরের ভিতর থেক একটি কাটারি এনে সালমাকে কোপান। রক্তাক্ত অবস্থায় গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে উদয়নারায়ণপুর থানার পুলিশ গিয়ে সালমার শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়। পরে লিয়াকতকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।