সংবাদদাতা, কাঁথি: বেড়াতে এসে হোটেল মালিককে বেধড়ক মারধরের অভিযোগে দীঘায় তিন যুবককে গ্রেপ্তার করল পুলিস। সোমবার রাতে দীঘার একটি হোটেলে ঘটনাটি ঘটে। দীঘা থানার পুলিস জানিয়েছে, ধৃতদের নাম উমাশঙ্কর দাস, অঙ্কিত কুমার ও নবীন চৌধুরী। উমাশঙ্করের বাড়ি হুগলির শ্রীরামপুরে। অঙ্কিত বিহারের ও নবীন উত্তর ২৪পরগনার গাড়ুলিয়ার বাসিন্দা। তারা একটি গান-বাজনার দলের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তিনজনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, গত রবিবার সাতজনের একটি দল দীঘায় বেড়াতে আসে। তারা নিউ দীঘার একটি হোটেলে উঠেছিল। হোটেল কর্মীদের দাবি, সোমবার রাতে রুমে নেশার আসর বসায় কয়েকজন। নেশাগ্রস্ত অবস্থায় উল্লাসে মেতে ওঠে তারা। সেইসময় একটি প্লেট জানালা দিয়ে ছুড়ে দেয় তাদের একজন। পাশের হোটেলের মালিক কলকাতার বড়বাজারের বাসিন্দা প্রদীপ ঘোষ খাওয়াদাওয়ার পর ব্যালকনিতে পায়চারি করছিলেন। প্লেটটি তাঁর পায়ে লাগে। প্রদীপবাবু প্রতিবাদ করলে তারা বাইরে বেরিয়ে আসে। দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা, যা হাতাহাতি পর্যন্ত গড়ায়। বচসা চলাকালীন ধৃত তিনজন প্রদীপবাবুকে মারধর করে বলে অভিযোগ। হোটেল কর্মীরা কোনওরকমে প্রদীপবাবুকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দীঘা থানায় জানানো হলে পুলিস অভিযুক্ত তিনজনকে রাতেই আটক করে। পরে হোটেল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রহৃত হোটেল মালিককে দীঘা হাসপাতাল থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের পাঠানো হয়। তিনি বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন। দীঘা থানার ওসি অমিত প্রামাণিক বলেন, ঘটনার তদন্ত চলছে।



