৬ বালিগঞ্জ প্লেস-এ ইলিশ বিলাস
৬ বালিগঞ্জ প্লেস-এ ইলিশ বিলাস
বর্ষায় খাদ্যরসিকদের পাতে ইলিশের নানা বাহারি পদ তুলে দিতে ৬ বালিগঞ্জ প্লেসে শুরু হল ইলিশ বিলাস। চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত। দুই বাংলার নানা জনপ্রিয় ও খানিকটা অন্য ধারার পদের মিশেলে সেজেছে এখানকার মেনু। পাবেন কাঁঠাল দানা দিয়ে ইলিশ ভর্তা, ইলিশের পুর ভরা কাঁকরোল, বোনলেস শিলেটি ইলিশ, হাতে মাখা ইলিশের ঝাল, ইলিশ থোড়ের পাতুরি সহ নানা পদ। মিলবে ইলিশ থালিও। আ লা কার্টের দাম শুরু ৫৫০ টাকা থেকে। থালির খরচ ১৭৫০ টাকা।
চৌধুরী অ্যান্ড কোম্পানিতে ইলিশ চিংড়ি
দুই বাংলার পদ এবার ঠাকুরবাড়ির রান্নার স্বাদে। উৎসবের নাম ‘ঠাকুরবাড়ির ইলিশ চিংড়ি উৎসব’। সৌজন্যে দক্ষিণ কলকাতার চৌধুরী অ্যান্ড কোম্পানি। উদ্বোধন করেন সুরকার দেবজ্যোতি মিশ্র ও নৃত্যশিল্পী শ্রীনন্দা সরকার। ওপারের ইলিশ ও এপারের চিংড়ি নিয়ে সেজে উঠেছে এখানকার মেনু। রবীন্দ্রনাথ ঠাকুরের নাতবউ পূর্ণিমা ঠাকুরের লেখা রান্নার বই এমন মেনু তৈরির অনুপ্রেরণা। মেনুতে পাবেন ইলিশ মালাইকারি, নারকেল দুধ দিয়ে ইলিশ, ইলিশের রোস্ট, ইলিশ পোলাও, চিংড়ি পোলাও, চিংড়ির ঝালফ্রেজি, ঠাকুরবাড়ির নারকেল চিংড়ি, কুমড়ো চিংড়ি সহ নানা লোভনীয় পদ। গত ২৫ জুলাই থেকে শুরু হয়েছে এই উৎসব।
চাওম্যান-এ শুরু সি ফুড ফেস্টিভ্যাল
বর্ষায় শুরু হল ‘ওরিয়েন্টাল সি-ফুড ফেস্টিভ্যাল ২০২৬’। আয়োজনে চাওম্যান। বালিগঞ্জের আউটলেটে এই ফেস্টিভ্যালের সূচনা করলেন জনপ্রিয় তারকা দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋধিমা ঘোষ। এই সি-ফুড ফেস্টিভ্যাল চলছে কলকাতা সহ দেশের সব শাখায়। মেনুতে ভেটকি, পমফ্রেট, প্রন ছাড়াও পাবেন স্কুইড, অক্টোপাস, লবস্টার, স্যামন ইত্যাদি। বিশেষ করে পেপার গার্লিক স্যসে লবস্টার, ডায়নামাইট প্রন, কলকাতা স্টাইল চিলি পমফ্রেট কিংবা ক্রিসপি ফ্রায়েড ভেটকি ইত্যাদি পদ মন ভরাবে। দু’জনের জন্য খরচ পড়বে ১২০০ টাকা।
রাজকুটির-এ রাজবাড়ির আয়োজন
বর্ষা মানেই ইলিশের মরশুম। সেই ঐতিহ্যকে সামনে রেখে কলকাতার রাজকুটির শুরু করেছে রাজবাড়ির পদে ইলিশ পার্বণ। উৎসব চলবে ১৪ আগস্ট পর্যন্ত। মেনুতে রাজবাড়ির থালি। পাবেন ভাত, লুচি, ছোলার ডাল, আলুর দম, ইলিশ লেজ ভর্তা, ইলিশ পাতুরি, ইলিশের ঝাল ইত্যাদি। এছাড়াও আলাদা করে আ লা কার্টে-তে অর্ডার করে স্বাদ নিতে পারেন মুচমুচে ভাজা ইলিশ, কালোজিরে বেগুন দিয়ে ইলিশের ঝোল, ইলিশ পোলাও, বরিশালের ইলিশের মতো ক্লাসিক রেসিপি। আ লা কার্টের খরচ শুরু জনপ্রতি ১,০৯৯ টাকা, সঙ্গে কর।
ইয়াউচা-য় ফ্রেন্ডশিপ ডে অফার
ফ্রেন্ডশিপ ডে উপলক্ষ্যে কলকাতার কোয়েস্ট মল-এর ইয়াউচা রেস্তরাঁ সেজেছে বিশেষ ফ্রেন্ডশিপ ডে-র মেনুতে। মনসুন ইয়াম চা নামের এই বিশেষ মেনুতে পাবেন বন্ধুর জন্য নানা লোভনীয় পদ। এখানে পাবেন ভেজ ও নন ভেজ দু’টি ডিম সাম প্ল্যাটার। ভেজ প্ল্যাটারে পাবেন ক্রিস্টাল ডাম্পলিং, শিটাকে মাশরুম ডাম্পলিং সহ মোট ১০ ধরনের হাতে তৈরি ডিম সাম। নন-ভেজ প্ল্যাটারে রয়েছে চিকেন কোরিয়েন্ডার ডাম্পলিং, হার গাও, স্পাইসি হার গাও এবং চিকেন অ্যান্ড প্রন স্যু মাই। সঙ্গে প্রিমিয়াম চায়ের সম্ভার। দু’জনের খরচ ১,১৪৯ টাকা, সঙ্গে কর।
স্পাইস কার্নিভাল-এ বন্ধুত্বের স্বাদ
কলকাতার উড স্ট্রিটের বুকে শুরু হয়েছে নতুন ভেজ রেস্তরাঁ স্পাইস কার্নিভাল। টেরাকোটা রঙের আবহে তৈরি এই রেস্তরাঁর মেনুতে পাবেন পালক পত্তা, ভট্টি কে ভুট্টে, কার্নিভাল স্পেশাল তন্দুরি প্ল্যাটার, অমৃতসরি ছোলে-কুলচা প্ল্যাটার, মোলায়েম মখমলি কোফতা, সুগন্ধি লখনউই বিরিয়ানি এবং জাফরানি কেশরি লাচ্ছাসহ নানা বাহারি পদ। ২ আগস্ট এখানে পাবেন বিশেষ লাঞ্চ। এদিন শেয়ারিং মেনুতে পাবেন কার্নিভাল ফুচকা প্ল্যাটার, মুম্বই মিসল পাও, তন্দুরি প্ল্যাটার, পনির লাজিজ, স্মোকড পনির মাখানি বিরিয়ানি ইত্যাদি। দু’জনের বাজেট ১,৮০০ টাকা।
নভোটেলে দ্য স্কোয়ার-এ বন্ধুত্বের মেনু
এখানে ২ অগস্ট দুপুর ১২.৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত থাকছে বিশেষ ফ্রেন্ডশিপ ডে ব্রাঞ্চ। লাইভ পাস্তা স্টেশন ও চাট কাউন্টারের পাশাপাশি মেনুতে পাবেন তন্দুরি চিকেন টিক্কা, দম চিকেন বিরিয়ানি, ডাকবাংলো চিকেন, ডাল মাখানি ও নানা ধরনের রুটি। ডেজার্টে থাকবে মিনি ব্রাউনি উইথ আইসক্রিম, রেড ভেলভেট পেস্ট্রি ও চকোলেট ফাউন্টেন। জনপ্রতি খরচ ২,০৯৯ টাকা, সঙ্গে কর।
হায়াত সেন্ট্রিকের টেস-এ স্পেশাল মেনু
বন্ধুত্ব দিবস উপলক্ষ্যে নতুন বেভারেজ মেনু নিয়ে হাজির টেস। মেনুতে রয়েছে সমৃদ্ধ স্বাদের বিসকফ ফ্রাপে, মোকা নাট ব্লিস, পিস্তাচিও ক্যাপুচিনো, স্প্যানিশ লাতে ইত্যাদি। ঠান্ডা পানীয়র মেনুতে পাবেন এসপ্রেসো ক্র্যানবেরি, ভিয়েতনামি-স্টাইল আইসড কফি, আইসড মাচা ও মাচা লাতে। দাম শুরু ৩৯৯ থেকে।
‘স্কারলেট’-এ বিশেষ মেনু
বন্ধুত্ব দিবসে অন্য ধারার মেনু সাজিয়েছে স্কারলেট। এখানে এই সময় পাবেন কফি অ্যান্ড ক্রাফট ওয়ার্কশপ। ২ আগস্ট বিকেল ৩.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত চলবে এই কর্মশালা। অংশগ্রহণকারীরা নিজের হাতে কফি মাগ সাজানোর পাশাপাশি কফি উপভোগ করতে পারবেন এবং সাজানো মাগটি বাড়িও নিয়ে যেতে পারবেন। অংশগ্রহণ মূল্য ১,০০০ টাকা।
গার্ডেন ক্যাফেতে ফ্রেন্ডশিপ ডে মেনু
নিউ টাউনের গার্ডেন ক্যাফে ফ্রেন্ডশিপ ডে উদযাপন করতে নিয়ে এসেছে বিশেষ কম্বো মেনু। পাবেন ব্ল্যাক ভেলভেট টার্ট অ্যান্ড অনিয়ন উত্তপম, বিসকফ পুডিং অ্যান্ড ইডলি, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড বিসকফ পুডিং, হট কফি অ্যান্ড ফিল্টার কফি কেক, ম্যুজ কাপ অ্যান্ড ইডলি প্লেট, দহি বড়া অ্যান্ড মিল্ক ফাজ কেক, কোল্ড কফি অ্যান্ড দ্য বিন ইত্যাদি নানা আকর্ষণীয় পদ।
শেরী ঘোষ
ছবি: ভাস্কর মুখোপাধ্যায় ও রেস্তরাঁ সৌজন্যে