সংবাদদাতা, কাকদ্বীপ: মঙ্গলবার মাঝরাতের অন্ধকারে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় প্রাণ হারাল দুই ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার বোলের বাজার সেতু সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রায়দিঘির দিক থেকে এক যুবক মোটরসাইকেল নিয়ে বোলের বাজারের সেতু পেরিয়ে কেদারপুরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় কেদারপুরের দিক থেকে আসা এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে সেতুর উপর উঠছিল। সেতু পারাপারের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইক দুই দিকের সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর আহত হন দুজনেই।
দূর্ঘটনার শব্দ শুনে ঘটনাস্থলে এসে পৌছায় স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় একজনের । হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অপরজনের। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় যানা যায়নি। ঘটনাটি কীভাবে এবং কেন ঘটল তা খটিয়ে দেখছে পুলিশ।



