Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কান্দির গোকর্ণে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেকার-ডাম্পার সংঘর্ষে মৃত চার

বাতের ব্যথা থেকে উপশম পেতে ট্রেকার ভাড়া করে বীরভূমের বেলেতে গিয়েছিলেন হরিহরপাড়ার বাসিন্দারা

কান্দির গোকর্ণে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেকার-ডাম্পার সংঘর্ষে মৃত চার
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাতের ব্যথা থেকে উপশম পেতে ট্রেকার ভাড়া করে বীরভূমের বেলেতে গিয়েছিলেন হরিহরপাড়ার বাসিন্দারা। সেখানকার একটি পুকুরে স্নান সেরে মন্দিরে পুজো দিলে নাকি বাত থেকে আরোগ্য লাভ করা যায়। সেই পুণ্যস্নান করে আর বাড়ি ফেরা হল না! মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মহিলা সহ চার জনের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর। গোকর্ণ পাওয়ার হাউস সংলগ্ন মোড়ে ডাম্পারের সঙ্গে যাত্রীবোঝাই বেপরোয়া ট্রেকারের ধাক্কায় মৃত্যু হল ব্যঞ্জনা সরকার, শম্ভু সরকারজ, বিনুরানী সরকার, চম্পা সরকারের। শম্ভুবাবু ছিলেন অভিশপ্ত ট্রেকারের চালক। প্রত্যেকের বাড়ি হরিহরপাড়ার প্রতাপপুর এলাকায়। বেলে থেকে পুণ্যস্নান সেরে ওই ট্রেকারে বাড়ি ফিরছিলেন প্রায় ২২ জন পুণ্যার্থী। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারলে ঘটনাস্থলেই চারজন মারা যান। জখম হন ১৮ জন। তাঁদেরকে প্রথমে গোকর্ণ ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। দশজনের আঘাত গুরুতর। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও জখম যাত্রীরা জানিয়েছেন, রাজ্য সড়কের ধারে উল্টোদিকে দাঁড়িয়ে ছিল বালির ডাম্পারটি। ট্রেকারটি কান্দির দিক থেকে বহরমপুরের পথে আসছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। দুমড়েমুচড়ে যায় যাত্রী বোঝাই ট্রেকারটি। ছিটকে পড়েন ট্রেকারের যাত্রীরা। রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকেন সকলেই। তাঁদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিয়ে যান গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সেখানে দশজন যাত্রীর অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।  দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতিকেই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানিয়েছেন, দ্রুত গতিতে এসে সজোরে ডাম্পারে ধাক্কা মেরেছিল ট্রেকারটি। ডাম্পারটি রাস্তার উল্টোদিকে দাঁড়িয়ে থাকায় সমস্যা হয়েছে। 

Advertisement

এদিকে, দুর্ঘটনার জেরে গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সেখানে যায় কান্দি থানার পুলিস। জেলার পুলিস সুপার ও অতিরিক্ত পুলিস সুপার (ট্রাফিক)-এর নেতৃত্বে পরে বিশাল বাহিনী সেখানে আসে। ধীরে ধীরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিস অধিকারিকরা বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। জখমদের চিকিৎসা চলছে। দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
এক জখম যাত্রী বলেন, আষাঢ় মাসের প্রথম রবিবার বেলেতে ওই পুকুরে স্নান করে মাটি ও শিকড় বাতের ব্যথার উপর লাগালে উপশম হয়। সেই আশায় এদিন আমরা হরহিরপাড়া থেকে গাড়ি ভাড়া করে গিয়েছিলাম। ফেরার সময় দুর্ঘটনা ঘটেছে। আমার পায়ে অল্প চোট লাগলেও প্রাণে বেঁচে গিয়েছি। স্থানীয় বাসিন্দা তথা উদ্ধারকারী রাজিবুল ইসলাম ও শেখ আব্বাস আলি বলেন, ডাম্পারটি কেন রাস্তার ধারে দাঁড়িয়েছিল, আমরা জানি না। হঠাৎ করে এসে ওই যাত্রীবোঝাই ট্রেকার ডাম্পারের পিছনে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন সকলে। আমরা সবাই এসে তাড়াতাড়ি উদ্ধার করি। পুলিসও এসে যায় কিছুক্ষণের মধ্যে।

Advertisement
সম্পর্কিত সংবাদ