Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজে টোল, নিষিদ্ধ হতে পারে আমেরিকা-ইজরায়েলের জাহাজ

হরমুজ পার করতে দিতে হবে ১৯ কোটি টাকা টোল! কিছুদিন আগে  ইরানের পার্লামেন্টের এক সদস্য এমনই দাবি করেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, গোটা বিষয়টিই জল্পনা।

হরমুজে টোল, নিষিদ্ধ হতে পারে আমেরিকা-ইজরায়েলের জাহাজ
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: হরমুজ পার করতে দিতে হবে ১৯ কোটি টাকা টোল! কিছুদিন আগে  ইরানের পার্লামেন্টের এক সদস্য এমনই দাবি করেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, গোটা বিষয়টিই জল্পনা। তবে যুদ্ধের আবহে তা সত্যি হতে চলেছে। টাকার অঙ্ক ঘোষণা না হলেও, হরমুজে টোল বসানোর পরিকল্পনা শুরু করেছে ইরান। পাশাপাশি আমেরিকা-ইজরায়েলের জাহাজ পারাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি উঠেছে। 

Advertisement

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই। এই আবহে হরমুজ প্রণালী আরও বেশি নিয়ন্ত্রণে রাখতে চাইছে ইরান। তার জন্য পার্লামেন্টের নিরাপত্তা কমিটি একটি নতুন পরিকল্পনা অনুমোদন করেছে। যেখানে হরমুজ দিয়ে যাতায়াতকারী জাহাজের উপর টোল ফি বসানো এবং আমেরিকা- ইজরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার কথা ঘোষণা করে জানান, এতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, জাহাজ চলাচলের সুরক্ষা বিধি, পরিবেশ সংরক্ষণ এবং টোল ব্যবস্থা চালুর মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে মদত দিয়েছে, তাদের জাহাজও হরমুজ দিয়ে চলাচলে নিষিদ্ধ করার প্রস্তাব এই পরিকল্পনায় রাখা হয়েছে। পাশাপাশি, হরমুজের উপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ আরও জোরদার করার কথা বলা হয়েছে এই পরিকল্পনায়। তার জন্য ওমানের সঙ্গে আইনি বোঝাপড়া করা হতে পারে। উল্লেখ্য, আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর শনিবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে তেহরান। এর পরেই বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। মারাত্মক প্রভাব পরে রেস্তরাঁ ব্যবসায়। ভারতেও একের পর এক খাবারের দোকান বন্ধ হতে থাকে। এই আবহে কয়েকটি ভারতীয় জাহাজকে হরমুজ পারাপারের অনুমতি দেয় ইরান। তাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে আগামীতে হরমুজ পেরোনোর জন্য মোটা টাকা টোল দিতে হলে তা ভারতের মতো দেশের জন্য বিড়ম্বনার কারণ হবে বলেই আশঙ্কা ওয়াকিবহাল মহলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ