নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে কয়েকদিন আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটার প্রভাবে রাজস্থান-গুজরাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। গুজরাতের সৌরাষ্ট্র-কচ্ছ, পশ্চিম রাজস্থানে এমনিতেই দীর্ঘকালীন গড় বৃষ্টিপাত কম। এবার বর্ষার বৃষ্টি ওইসব এলাকায় তার থেকেও অনেক কম হয়েছে। বর্ষার শেষলগ্নে সেই ঘাটতি কিছুটা অন্তত কমবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন। নিম্নচাপটি মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম রাজস্থান ও লাগোয়া পাকিস্তানের উপর ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি (১৯০ মিমি) হয়েছে কচ্ছের আঞ্জারে। সৌরাষ্ট্র এলাকার ভাবনগরের বল্লভীপুরেও ১৫০ মিমি বৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটির প্রভাবে রাজস্থান, মধ্যপ্রদেশেও বৃষ্টি বেড়েছে। আগামী দিনদুয়েক উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি বেশি হবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। এই নিম্নচাপটির প্রভাবে আগে কিছুটা বৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশে। ওই রাজ্যেও এবার প্রচুর বৃষ্টির ঘাটতি। আবহাওয়াবিদরা মনে করছেন, বঙ্গোপসাগরের ৬-৭ দিনের মধ্যে যে পরবর্তী শক্তিশালী নিম্নচাপটি তৈরি হবে সেটির প্রভাব আর উত্তর-পশ্চিম ভারতে পড়বে না। কারণ চলতি সপ্তাহের শেষদিক থেকে দেশের ওই অংশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে শুষ্ক বাতাস প্রবেশ করার জেরে।



