Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের সামনে হংকং

২০০৯ সালের পর ফের হংকংয়ে পা রাখল ভারতীয় দল। সেবার প্রীতি ম্যাচে হারতে হয়েছিল বাইচুং ভুটিয়াদের।

ভারতের সামনে হংকং
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হংকং: ২০০৯ সালের পর ফের হংকংয়ে পা রাখল ভারতীয় দল। সেবার প্রীতি ম্যাচে হারতে হয়েছিল বাইচুং ভুটিয়াদের। ১৬ বছর পর সেই ক্ষতে প্রলেপ লাগানোর হাতছানি মানোলো মার্কুয়েজ ব্রিগেডের সামনে। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ফের মুখোমুখি হচ্ছে দুই দল। কিন্তু ব্লু টাইগার্সের সাম্প্রতিক পারফরম্যান্স যে একেবারেই পাতে দেওয়ার মতো নয়। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে ভারত। মূল পর্বে যেতে হলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতেই হবে। আর এখানেই প্রশ্ন। গোল করে জেতাবেন কে? হংকং ম্যাচের প্রস্তুতির জন্য থাইল্যান্ডের বিরুদ্ধে খেলা প্রীতি ম্যাচও সুনীল ছেত্রীরা হরেছেন ০-২ ব্যবধানে। এমন কঠিন পরিস্থিতিতেও আশার বাণী কোচ মানোলোর মুখে। তাঁর মন্তব্য, ‘পিছন ফিরে তাকানোর জায়গা নেই। জিতেই হংকং ছাড়বে দল।’ উল্লেখ্য, ২০২৩ সালে এই হংকংকে ৪-০ গোলে হারিয়েই এএফসি এশিয়া কাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করেছিল ব্লু টাইগার্স-ব্রিগেড। 

Advertisement

ভারতের গ্রুপে হংকং ছাড়াও রয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। চার দলেরই পয়েন্ট এক। ফলে মানোলো ব্রিগেডের সামনে সুযোগ তো রয়েছে। কিন্তু তা কি কাজে লাগাতে পারবেন ছাংতে, মনবীররা? ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৩ নম্বরে রয়েছে হংকং। তাই মঙ্গলবার না জিতলে প্রবল সমালোচনার মুখে পড়বেন সুনীলরা। কোচ মানোলোর বিদায় আসন্ন। শোনা যাচ্ছে, পাততাড়ি গুটিয়ে পালাতে পারলে বাঁচেন স্প্যানিশ কোচ। হংকং ম্যাচের পর পদত্যাগ করে শুধুমাত্র এফসি গোয়ার দায়িত্ব সামলাতে চান তিনি।
 ম্যাচ শুরু বিকেল ৫-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার ফ্যান কোডে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ