বাড়িতে সহজেই রূপচর্চা করবেন কীভাবে? জানালেন বিশেষজ্ঞ।
বাড়িতে সহজেই রূপচর্চা করবেন কীভাবে? জানালেন বিশেষজ্ঞ।
পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। বছরের সেরা পাঁচদিন। সেরা লুক তৈরি করা চাই। সবার আগে ত্বকের প্রস্তুতি প্রয়োজন। সারা বছর ত্বক যত্নে রাখতে হয়। সে অভ্যেস না থাকলে বেছে নিন চটজলদি কিছু ঘরোয়া উপায়। পরামর্শ দিলেন রূপ বিশেষজ্ঞ রেশমি সামন্ত।
• চাল ধোওয়া জল এবং নারকেল তেল মিশিয়ে একটি ঘরোয়া মাস্ক তৈরি করুন। এটিই হাল ফ্যাশনের গ্লোয়ি স্কিনের গোপন রহস্য। এই মাস্ক ত্বক টানটান রাখে। ফলে সহজে বয়স ধরা পড়ে না। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মাস্ক ব্যবহার করুন।
• রান্নাঘরের অত্যন্ত চেনা উপকরণ বেসন। এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। ত্বকের মরা কোষ সহজে উঠে যায়। বেসন দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়ার পর টক দইয়ের ঘরোয়া প্যাক ব্যবহার করুন। এটি ত্বক উজ্জ্বল করতে এবং মসৃণ গঠন ধরে রাখতে সাহায্য করে।
• বছরভর মধু ব্যবহার করেন অনেকে। ত্বকের প্রাকৃতিক ময়েশ্চার বজায় রাখতে মধুর প্যাক অত্যন্ত উপকারী। এর সঙ্গে ওটস মিশিয়ে ব্যবহার করুন সপ্তাহে তিন দিন। ফল পাবেন হাতেনাতে।
• ময়েশ্চারাইজার হিসেবে তরমুজের রস ব্যবহার করতে পারেন। ত্বকের দাগছোপ দূর করবে। বলিরেখা সরিয়ে ত্বক উজ্জ্বল করবে এই উপাদান।
• দীর্ঘ সময় ধরে কাজের জন্য চোখের তলায় কালি পড়ে যাওয়ার সমস্যায় ভুক্তভোগী অনেকেই। শসার রস অ্যাপ্লাই করুন। ডার্ক সার্কলের সমস্যা থেকেও মুক্তি পাবেন।
• একটি টম্যাটোর সঙ্গে এক টেবিল চামচ দই মিশিয়ে যোগ করুন কয়েক ফোঁটা লেবুর রস। এই মাস্ক ব্যবহার করলে ত্বক যেন নতুন করে প্রাণ ফিরে পাবে।