মথুরা: বিখ্যাত মুদিয়া মেলার ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন জেলাশাসক। সঙ্গে ছিলেন এসএসপি ও অন্যান্য পুলিস আধিকারিকরা। ই-রিকশয় চেপে তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্তু গোবর্ধন পাহাড় পরিক্রমার রাস্তার কাছাকাছি আসতেই তাঁদের আটকালেন কর্তব্যরত হোমগার্ড। স্পষ্ট জানিয়ে দিলেন, ভিড় নিয়ন্ত্রণের জন্য এই রাস্তায় ই-রিকশয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেই নিয়ম অনুযায়ী আর এগতে দেওয়া হবে না ই-রিকশ। সওয়ারিদের পরিচয় পেয়েও তাঁদের ঢুকতে দিতে চাননি ওই হোমগার্ড। শেষ পর্যন্ত তাঁর কথা মেনে নিলেন উচ্চ পদস্থ আধিকারিকরাও। শনিবার সন্ধ্যার ঘটনায় ওই হোমগার্ডের কর্তব্যপরায়ণতার প্রশংসায় পঞ্চমুখ নানা মহল। তাঁকে সম্মানিত করার কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও।



