Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হিলিতে মাটি থেকে জল বের হওয়ায় আতঙ্ক

হিলিতে মাটি থেকে জল বের হওয়ায় আতঙ্ক
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: কাঁটাতারের পাশে গর্ত থেকে হু হু করে বেরোচ্ছে জল। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলির পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের বৈগ্রাম এলাকার এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, বৈগ্রাম কবরস্থানের পাশে এদিন দুপুরে বড় গর্ত থেকে ক্রমাগত জল বের হতে থাকে। অনেকে বলতে শুরু করেন কোনও সুড়ঙ্গ তৈরি করে বাংলাদেশ থেকে জল ছাড়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে পাশের একটি ডোবা ভর্তি হয়ে যাওয়ায় আতঙ্ক আরও বাড়ে বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ। ব্লক প্রশাসনের আধিকারিকরাও সেখানে গিয়ে তদন্ত শুরু করেন। তাঁরা কথা বলেন পিএইচই’র সঙ্গে। দপ্তর জানিয়ে দেয় সেখানে কোনও জলের পাইপলাইন নেই। তখন বিষয়টি নিয়ে আরও রহস্য তৈরি হয়। যদিও সন্ধ্যার আগে জল বের হওয়া বন্ধ হয়ে যায়। হিলির বিডিও চিরঞ্জিত সরকার বলেন, পিএইচই’র আধিকারিককে পাঠানো হয়েছিল। তদন্ত শুরু করা হয়েছে। পাঞ্জুল পঞ্চায়েতের সদস্য সঞ্জয় মুর্মুর কথায়, বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। কোথা থেকে জল আসছে বুঝতে পারছি না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ