Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় পোর্টাল ছাড়াই আইএনটিটিইউসি নেতাকে কারখানায় নিয়োগ, শোরগোল

হলদিয়ায় পোর্টাল ছাড়াই আইএনটিটিইউসি নেতাকে কারখানায় নিয়োগ, শোরগোল
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ায় ফের সরকারি পোর্টাল বহির্ভূত এক আইএনটিটিইউসি নেতাকে কারখানায় নিয়োগের অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে। হলদিয়ার একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থায় ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক কাজে তাঁকে নিয়োগ করা হয়েছে। তিনি আবার ওই সংস্থায় আইএনটিটিইউসির সহ সভাপতি এবং শহর তৃণমূলের ব্লক যুব সভাপতি। ওই নেতা সহ চারজনকে সরকারি নিয়ম অগ্রাহ্য করে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে বলে মহকুমা শাসকের কাছে বুধবার বিকেলে অভিযোগ জমা পড়েছে।হলদিয়ার তেঁতুলবেড়িয়ায় ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেডের এলপিজি ইমপোর্ট টার্মিনালে ওই নিয়োগ হয়েছে। সম্প্রতি একটি ঠিকাদার সংস্থার অধীনে আইএনটিটিইউসি নেতা সুশান্ত মালি সহ চারজনকে পোর্টাল ছাড়াই অবৈধভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। সুশান্তবাবু প্রভাব খাটিয়ে কারখানায় কাজে ঢুকেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। হলদিয়ায় কারখানাগুলিতে ঠিকাদারের অধীনে নিয়োগের ক্ষেত্রে সরকারি পোর্টাল চালু রয়েছে গত দু’বছর ধরে। ওই পোর্টালের মাধ্যমে আবেদন করে কাজ পেতে হয়। অভিযোগ, সুশান্ত নিজে এবং তাঁর অনুগামীদের নিয়ম ভেঙে কাজে ঢুকিয়েছেন।
Advertisement
শ্রমিকদের অভিযোগ, সুশান্ত অন্য শ্রমিকদের সাসপেন্ড করিয়ে নিজে কাজ নিয়েছেন এবং অনুগামীদের কাজ দিয়েছেন। শ্রমিক মহলে এনিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। তাঁর বিরুদ্ধে শ্রমিকদের ভয় দেখানো, দলবল নিয়ে সন্ত্রস্ত করার অভিযোগও রয়েছে। এনিয়ে সুশান্ত ফোনে বলেন, আমি দলের অনুগত সৈনিক। সরকার বিরোধী কোনও কাজ আমি করব না। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। এটা বিজেপির চক্রান্ত।
বিজেপি নেতা প্রদীপ বিজলি বলেন, হলদিয়ায় তৃণমূল এভাবেই খবরদারি চালাচ্ছে। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি চন্দন দে বলেন, সরকারি নিয়োগ পোর্টালের নিয়মের বাইরে কোনও নিয়োগ অবৈধ। সরকারি নিয়ম সবাইকে মানতে হবে। দলের কেউ নিজে এঘটনায় জড়িত থাকলে তদন্ত হবে। বিষয়টি হলদিয়ার ডেপুটি লেবার কমিশনারকে খতিয়ে দেখতে বলছি।  হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, নিয়োগ নিয়ে কী অভিযোগ হয়েছে, তা খতিয়ে দেখব।
সম্পর্কিত সংবাদ