নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বয়ফ্রেন্ডের এইচআইভি পজিটিভ। এজন্য চিকিৎসা করাতে বলেছিলেন গার্লফ্রেন্ড। কিন্তু চিকিৎসা করা তো দূর, উল্টে একথা বলার জন্য তরুণীকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের ছবি ভাইরাল করার হুমকিও দেওয়া হয়। এমনকি তরুণীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকাও নেন অভিযুক্ত। এরপরই তরুণী বাঁশদ্রোণী থানায় ধর্ষণসহ একাধিক ধারায় অভিযোগ করেন। পুলিশ অভিযুক্ত তরুণকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে গল্ফগ্রিন থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা একটি হাসপাতালের নার্স। ফেসবুকের সূত্র ধরে ওই তরুণের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। অভিযুক্ত জিম ট্রেনার। ২০২৪-এর ফ্রেব্রুয়ারি থেকে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তরুণী একাধিকবার তার সঙ্গে ঘনিষ্ঠ হন। সেই ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখেন অভিযুক্ত। কিন্তু ওই তরুণের কিছু লক্ষ্মণ দেখে তরুণীর সন্দেহ হয়। এরপর দু’জনেই সমস্ত পরীক্ষা হয়। সেখানে এইচআইভি পজিটিভ ধরা পড়ে তরুণের। গার্লফ্রেন্ড চিকিৎসার কথা বললে এড়িয়ে যান অভিযুক্ত। উল্টে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। ঘনিষ্ঠ দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেন। বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। এরপরই তিনি থানায় অভিযোগ করেন। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করে আলিপুর আদালতে তোলা হয়।
সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, অভিযুক্ত তরুণীকে নির্যাতন করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন, হুমকিও দিয়েছেন। সওয়াল শেষে তাঁকে পুলিশি হেপাজতে পাঠায় আদালত।



