নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বামপন্থীদের আন্দোলন কর্মসূচি চলাকালীন কর্মীদের উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেস নেতা সুরেশ সাউ। মঙ্গলবার চুঁচুড়া থানার পুলিশ সুরেশকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বামেদের উপরে হামলার পরেই হিন্দুত্ববাদী হামলকারীদের কয়েকজনকে আটক করেছিল পুলিশ। তাঁদের হয়ে থানায় দরবার করতে গিয়েছিলেন সুরেশ। তাৎপর্যপূর্ণ এই যে, বিজেপি’র দাপুটে নেতা তথা জেলা সাধারণ সম্পাদক পদে ছিলেন সুরেশ। গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরে তিনি হিন্দুত্ববাদীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিজেপি’তে ফেরার প্রয়াস চালাচ্ছিলেন। যদিও এদিন তৃণমূল এবং বিজেপি একসুরে সুরেশ দলের কেউ নয়, বলে দাবি করেছে। যদিও এদিন সুরেশকে গ্রেপ্তার করা হলেও তাঁর জামিন আটকানো যায়নি।



