কলকাতা,১১ নভেম্বর: ফের হাইজ্যাক অ্যালার্ট বিমানে। এবার কলকাতা বিমানবন্দরের ঘটনা। মুম্বাই যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ বিমান। হঠাৎই এটিসির কাছে হাইজ্যাক সংক্রান্ত বার্তা পাঠান বিমানের চালক। সঙ্গে সঙ্গে তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তৎক্ষণাৎ বিমানের সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয় সুরক্ষিতভাবে। এরপর বিমানটিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আইসোলেশন বেতে। ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তারক্ষীরা। গোটা বিমানটিকে ঘিরে রেখে শুরু হয় তল্লাশি।
সূত্রের খবর, বিমানের শৌচালয়ে একটি চিরকুট পাওয়া যায়। যেখানে বিমান হাইজ্যাক সংক্রান্ত তথ্য মেলে বলে জানা যাচ্ছে। এরপরেই বিমান চালক খবর পাঠায় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। যদিও বিমান থেকে কোনরকম সন্দেহজনক কিছুর সন্ধান পাওয়া যায়নি।
প্রসঙ্গত গত অক্টোবরেও কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। সেবারও শৌচালয়ে পাওয়া গিয়েছিল বোমা রাখা রয়েছে এমন বার্তা দেওয়া হুমকি চিঠি। বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



