Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিক: লিখিত ওএমআর সংসদকে পৌঁছে দেবে ডাকবিভাগ

প্রায় সাড়ে সাত লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উত্তরপত্র (ওএমআর শিট) সংসদের আঞ্চলিক কার্যালয়ে পৌঁছে দেবে ভারতীয় ডাকবিভাগ। সোমবার থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা।

উচ্চ মাধ্যমিক: লিখিত ওএমআর  সংসদকে পৌঁছে দেবে ডাকবিভাগ
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় সাড়ে সাত লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উত্তরপত্র (ওএমআর শিট) সংসদের আঞ্চলিক কার্যালয়ে পৌঁছে দেবে ভারতীয় ডাকবিভাগ। সোমবার থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। সেখানে এই ব্যবস্থা কার্যকর হতে চলেছে বলে শনিবার এক সাংবাদিক বৈঠকে জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মসিউর রহমান সর্দার। এ বছর পরীক্ষায় বসতে চলেছে সাত লক্ষ ১৮ হাজার ৬২০ ছাত্র-ছাত্রী। তাঁদের মধ্যে ছাত্র ৩ লক্ষ ১৫ হাজার ৭৩১। ছাত্রী ৪ লক্ষ ২ হাজার ৮৮৯। গতবার ৬ লক্ষ ৬০ হাজার ২৬০ ছাত্র-ছাত্রী নথিভুক্ত ছিলেন। অর্থাৎ এ বছর প্রায় ৫৮ হাজার পরীক্ষার্থী বেড়েছে।

Advertisement

গতবছর পরীক্ষাকেন্দ্র ছিল ৮১৮টি। এবার বেড়ে হয়েছে ৮২৫। তবে ভেন্যুর সংখ্যা আগের থেকে কমে হয়েছে ২ হাজার ১০৫। ৬ হাজার ৮৭৭টি স্কুলের পড়ুয়া এবার পরীক্ষায় বসছে। গতবারের তুলনায় তা ৫৫টি বেশি। এক আধিকারিক বলেন, ডাকঘরগুলি উত্তরপত্র সংগ্রহ করায় স্কুলগুলির সুবিধা হবে। সংসদের সঙ্গে চুক্তি হওয়ায় ডাকঘরগুলি পৃথক সেল খুলেছে উত্তরপত্র সংগ্রহের জন্য। একেকটি ব্লকে একটি বা একাধিক ডাকঘর দায়িত্বে থাকবে। সেই তালিকা রবিবার প্রকাশ করা হবে ওয়েবসাইটে। কোনো কেন্দ্র যদি ভাবে একসঙ্গে দু’টি পরীক্ষার উত্তরপত্র ডাকঘরে পাঠালে গাড়িভাড়া সাশ্রয় হবে, তাহলে সেদিনের জন্য নিকটবর্তী থানায় উত্তরপত্র রাখতে পারে।
এবারও ওএমআর শিট স্ক্যান করা হবে কম্পিউটার চালিত স্বয়ংক্রিয় ব্যবস্থায়। সেভাবেই হবে মূল্যায়ন। তবে কোনো ম্যানুয়াল ভুল, ছাত্র-ছাত্রীদের ওএমআর পূরণে পদ্ধতিগত ত্রুটি দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এবারও থাকবেন। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে। তাঁরা যাতে ১০টার মধ্যে কেন্দ্রে ঢুকে যান, সে পরামর্শই দিয়েছে সংসদ। থাকছে সিসিটিভি নজরদারি, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা। প্রতি ২০ পরীক্ষার্থীর জন্য একজন করে এবং প্রতি ঘরে ন্যূনতম দু’জন করে পরিদর্শক থাকবেন। প্রসঙ্গত অভূতপূর্বভাবে এবছর কোনো মনোনীত সভাপতির পরিবর্তে পরীক্ষা পরিচালনা করবেন সংসদের ফিনান্স অফিসার। তাঁকেই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছে সরকার। পরীক্ষা কীভাবে পরিচালিত হচ্ছে, সেদিকে নজর থাকবে অনেকের।

Advertisement
সম্পর্কিত সংবাদ