Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিক: সরাসরি স্কুলেই ওএমআর শিট পাঠাবে সংসদ

তৃতীয় সেমেস্টার পরীক্ষার প্রশ্নপত্র এবং ওএমআর শিট পাঠানো নিয়ে বিপাকে পড়তে হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। একসঙ্গে বহু পাতা সংবলিত এমসিকিউ ধাঁচের প্রশ্নপত্র, তার বাড়তি সেট এবং শূন্য ওএমআর শিট পাঠানো হয়েছিল।

উচ্চ মাধ্যমিক: সরাসরি স্কুলেই  ওএমআর শিট পাঠাবে সংসদ
  • ২৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃতীয় সেমেস্টার পরীক্ষার প্রশ্নপত্র এবং ওএমআর শিট পাঠানো নিয়ে বিপাকে পড়তে হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। একসঙ্গে বহু পাতা সংবলিত এমসিকিউ ধাঁচের প্রশ্নপত্র, তার বাড়তি সেট এবং শূন্য ওএমআর শিট পাঠানো হয়েছিল। ফলে, তার বহরও বেড়েছিল। অবস্থা এমনই হয় যে, সেগুলি খালাসের জায়গা না পেয়ে রাস্তাতেই দাঁড়িয়ে থাকে বহু ট্রাক। উত্তরবঙ্গ থেকে কলকাতা, সর্বত্রই সময়ে প্রশ্নপত্র পাঠাতে সমস্যা হয়। তা থেকে শিক্ষা নিয়ে এবার অন্য ব্যবস্থা নিচ্ছে সংসদ। প্রশ্নপত্র এবং ওএমআর শিট পৃথকভাবেই পাঠাতে চলেছে তারা। এর জন্য পৃথক টেন্ডারও ডাকা হচ্ছে।

Advertisement

সংসদের এক সূত্রের দাবি, এমসিকিউ প্রশ্নপত্র এমনিতে বহরে বড় হয়। গতবছর ওএমআর শিটও তার সঙ্গে ছিল। কেন্দ্র পিছু বাড়তি ৪০ থেকে ৬০ শতাংশ ওএমআর তো ছিলই, প্রশ্নপত্রের বাড়তি সেটাও ছিল। তাতে বহর আরও বাড়ে। ওএমআরকে কনফিডেনশিয়াল বা গোপন নথি হিসেবেই ধরা হয়েছিল। তাই প্রশ্নপত্রের সঙ্গেই তা রাখা হয়। তবে, এবার থেকে ওএমআরকে আর কনফিডেনশিয়াল ডকুমেন্ট হিসেবে গণ্য করা হবে না। তাই তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য থানার কাস্টডিতে শুধুমাত্র প্রশ্নপত্রই যাবে। ওএমআর যাবে পরীক্ষা কেন্দ্রে। গাড়িও আলাদা থাকবে। আশা করা যায়, তাতে আর সমস্যা হবে না। প্রসঙ্গত, গাড়ি সংক্রান্ত জটিলতায় কলকাতার স্কুলগুলিতেও পরীক্ষার আগের দিন প্রশ্ন এবং ওএমআর শিট ঢুকেছিল। তাতে বেশ নাজেহাল হতে হয় পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের।
এবছর প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টার পরীক্ষায় অনুপস্থিত ছিল। তাদের সামনে সুযোগ থাকছে চতুর্থ সেমেস্টার পরীক্ষার সঙ্গে তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলিও দেওয়ার। এর পাশাপাশি অকৃতকার্য বা খারাপ ফল করা ছাত্রছাত্রীরাও পরীক্ষায় বসতে পারে। ফলে, সব মিলিয়ে সংখ্যাটা ভালোই হবে বলে মনে করছে সংসদ। তাছাড়া, এবার চতুর্থ সেমেস্টার পরীক্ষাতেও প্রতি প্রশ্নে দু’টি বিকল্প প্রশ্ন থাকছে। তাই এক্ষেত্রেও প্রশ্নপত্রের গুচ্ছ আকারে বড় হবে। তবে, সাধারণ উত্তরপত্রকে এমনিতেই সরাসরি স্কুলে পাঠানো হয় বলে সেক্ষেত্রে সমস্যা হবে না।

সম্পর্কিত সংবাদ