নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গে একটি আইআইএম এবং একটি আইআইটি খোলার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা বাজেটে। এর ফলে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে নয়া দিশার উন্মোচন হবে বলেই রাজ্য সরকারের আশা। অন্যদিকে, ছয়টি সরকারি গার্লস কলেজ খোলার কথাও বলা হয়েছে। যদিও, আগের সরকারের স্থাপন করা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির বেহাল দশা নিয়েও মুখ খোলেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি বিশ্ববিদ্যালয় বা হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে গুটিকয়েক পড়ুয়া, একজনও স্থায়ী শিক্ষক না থাকা, কোথাও জমি না থাকার সমস্যাগুলি তুলে ধরেন। বেশ কিছু বিশ্ববিদ্যালয় একেবারেই অপ্রয়োজনীয় ছিল বলেই তিনি পরিসংখ্যান এবং কারণ সহ ব্যাখ্যা করেন। দার্জিলিং গভর্নমেন্ট কলেজে সমস্ত স্নাতকোত্তর কোর্স করানো হলেও যুক্তিহীনভাবে সেখানে হিল ইউনিভার্সিটি খোলা হয়েছে বলে তাঁর মত।



