সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীর উত্তরপলসুরা প্রাইমারি স্কুলের মাঠের উপর দিয়ে বিদ্যুতের হাইটেনশন তার চলে গিয়েছে। সেখানে পড়ুয়ারা খেলাধুলো করে। শুধু তাই নয়, তারের ঠিক নীচেই নতুন তৈরি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন রয়েছে। তার পাশেই রয়েছে ট্রান্সফর্মার। সব মিলিয়ে বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকরা বেশ চিন্তিত। তাঁদের অভিযোগ, ট্রান্সফর্মার সরানোর জন্য বিদ্যুৎ দপ্তর ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু, আজ পর্যন্ত তার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ইতিমধ্যে বিদ্যালয়ের তরফে বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে। যদিও দামোদরের উত্তরপ্রান্তে অবস্থিত উত্তর পলসুরা গ্রাম বিদ্যুৎ দপ্তরের বিষ্ণুপুর না পূর্ব বর্ধমান কোন ডিভিশনের আওতায় রয়েছে, তা নিয়ে টানাপোড়েন চলছে। সম্প্রতি বিষয়টি জেলা প্রশাসনের বৈঠকেও আলোচনা হয়েছে।
বিদ্যুৎ দপ্তরের বিষ্ণুপুর ডিভিশনাল ম্যানেজার অনিরুদ্ধ মণ্ডল বলেন, যেটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি উত্তরপলসুরা গ্রামে পূর্ব বর্ধমানের বুদবুদ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া অভিযোগ নিয়ে জেলা প্রশাসনের বৈঠকে আলোচনা হয়েছে। যাতে বিদ্যুতের ট্রান্সফর্মার ও তার দ্রুত সরানো হয়, সেই ব্যাপারে বিদ্যুৎ দপ্তরের পূর্ব বর্ধমান ডিভিশনকে বিষয়টি জানানো হবে।
উত্তর পলসুরা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সজল কীর্তনিয়া বলেন, আমাদের বিদ্যালয় চত্বরেই খোলা মাঠের দক্ষিণ দিকে বিদ্যুতের হাইটেনশন তার চলে গিয়েছে। ছাত্রছাত্রীরা মাঠে খেলাধুলো করে। ফুটবল নিয়ে খেলার সময় অনেকবার বল তারে ছুঁয়ে যায়। তাই বিপদের আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, হাইটেনশন তারের নীচেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে। সব মিলিয়ে বেশ ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা নজরে রাখি। কিন্তু, অনেক সময় শিক্ষক শিক্ষিকারা আসার আগেই ছাত্রছাত্রীরা স্কুলে এসে খেলাধুলো করে। তখন দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের গ্রাম দামোদরের উত্তরে অবস্থিত। বুদবুদ এলাকা কাছে হওয়ায় পূর্ব বর্ধমান জেলার সঙ্গে যোগাযোগে সুবিধা হয়। কিন্তু, প্রশাসনিকভাবে সোনামুখী ব্লকের অধীন হওয়ায় নদ পেরিয়ে সেখানে যাতায়াত করতে হয়। বর্ষাকালে আমাদের দুর্ভোগের শেষ থাকে না। আমাদের প্রাইমারি স্কুলের মাঠের উপর দিয়ে হাইটেনশন তার চলে গিয়েছে। ঝুঁকি জেনেও তারের নীচে সম্প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিল্ডিং তৈরি করা হয়েছে। এখনও তার উদ্বোধন হয়নি। এনিয়ে
বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। তাই আমরা চাই অবিলম্বে ট্রান্সফর্মার অন্যত্র সরানো হোক। -নিজস্ব চিত্র