নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাবার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠানোর পর আজ বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া কতটা জরুরি তা খতিয়ে দেখতে তাঁকে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি মেডিকেল বোর্ড গঠন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা খতিয়ে দেখবেন।
এরপর অভিষেকের আইনজীবী আদালতে জানিয়ে দেন তাঁর মক্কেল এসএসকেএমে যাবেন না। আদালতের প্রস্তাব মামলাকারী মেনে না নেওয়ায় বিচারপতি সৌগত ভট্টাচার্য গোটা মামলাই খারিজ করে দেন।
প্রসঙ্গত চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন নিয়ে প্রথমে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সোমবার তার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি কলকাতা হাইকোর্টে পাঠানো সিদ্ধান্ত নেন। পাশাপাশি অভিষেকের আর্জি সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। সেই অনুযায়ী বুধবার এই মামলাটির শুনানি হয় হাইকোর্টে।