নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার ব্যাপারে দমকল দপ্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিস দিয়েছিল তা খারিজ করে দিল হাইকোর্ট। এর আগে এই নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। বুধবার শুনানির পর আদালত জানিয়েছে, দমকল আবার কালীঘাট তৃণমূলকে নোটিস দেবে। তাতে জানাতে হবে, দমকল কবে আবার ওই অফিস পরিদর্শনে যাবে। নোটিস দেওয়ার পর ক্যামাক স্ট্রিটের তৃণমূল দপ্তরে যেতে হবে দমকল আধিকারিকদের। সুরক্ষার জন্য ওই অফিসে কী কী প্রয়োজন, তারপর তাও জানাতে হবে কালীঘাট তৃণমূলকে। সেই নির্দেশিকা মেনে সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি করতে হবে তৃণমূলকে। তৃণমূল ওই নির্দেশিকা না-মানলে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে দমকল।



