নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের জেরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতিদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে ডায়মন্ডহারবারের সাংসদের বিরুদ্ধে। যা নিয়ে ১৫ দিনের মধ্যে তাঁর জবাব তলব করেছেন বিচারপতি কৃষ্ণা রাও। যদিও নিজের অবস্থানে অনড় থেকে অভিষেক বলেছেন, ‘আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি কাউকে বিজেপির বিচারক বলিনি। আমি উল্লেখ করেছি, বিচার ব্যবস্থার একাংশ বিজেপির চাপের কাছে নতিস্বীকার করেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে জাজমেন্ট নিয়ে প্রশ্ন তোলার এক্তিয়ার বা অধিকার আমার রয়েছে।’
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। এপ্রসঙ্গে বিচারপতি কৃষ্ণ রাও গত বৃহস্পতিবার বলেছিলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন, তাঁর তালিকা দিন অভিষেক। মঙ্গলবার বিচারপতি রাওয়ের পর্যবেক্ষণ, অভিষেকের ওই বক্তব্য ফৌজদারি আদালত অবমাননার শামিল। এর জন্য কেন তাঁকে সাজা দেবে না আদালত, তার জবাব দিতে বলা হয়েছে সাংসদকে।
নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি মামলা করেছিলেন অভিষেক। ওই মামলার সূত্রেই অভিষেকের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য অভিষেকের একটি সাক্ষাৎকারের কথা তুলে ধরে দাবি করেন, ওই সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য আদালত অবমাননার শামিল। ওই বক্তব্যের প্রেক্ষিতেই শো কজ করা হয়েছে অভিষেককে।
যদিও আদালতের নির্দেশের পর কড়া অবস্থানে অনড় থেকে অভিষক আরও বলেছেন, ‘আমি কিছু বললে পাঁচ-ছ’দিনের মধ্যে আমাকে শো-কজ নোটিস দেওয়া হয়। একই জিনিস জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রযোজ্য হবে না কেন!’ তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ না-মানা সত্ত্বেও, জ্ঞানেশের বিরুদ্ধে কোনও অবমাননা মামলা বা পদক্ষেপ হয়নি। অভিষেককে শো কজ় করার খবরে প্রতিক্রিয়া দিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস। এক্স পোস্টে তিনি লেখেন, ‘এখন নতুন প্রবণতা দেখা যাচ্ছে। যাঁরা কোনো বিচারক বা বিচারপতির বিরুদ্ধে মুখ খুলছেন, তাঁদেরকেই ‘আদালত অবমাননা’-র অভিযোগে নিশানা করা হচ্ছে।’



