বোল্লা রক্ষা কালীমন্দিরে পশুবলি বন্ধের আরজি খারিজ হাইকোর্টে
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালীমন্দিরে পশুবলি বন্ধের দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট। তবে নির্দিষ্ট বিধি ও নিয়ম মেনে পশুবলির আচার পালন করতে হবে বলে জানিয়েছে আদালত। 

Advertisement

দক্ষিণ দিনাজপুরে শতাব্দীপ্রাচীন বোল্লা রক্ষা কালীমায়ের পুজো প্রতিবছর রাসপূর্ণিমার পরের শুক্রবার অনুষ্ঠিত হয়। জাগ্রত দেবী হিসাবে পরিচিত বোল্লা কালীর কাছে বহু ভক্ত মানত করেন। সেই মনোবাঞ্ছাপূরণে পুজো উপলক্ষ্যে মন্দিরে পাঁঠাবলি দেওয়ার রীতি দীর্ঘদিনের। প্রতিবছর হাজার হাজার পাঁঠাবলি হয় এই মন্দিরে। 
এই প্রথা বন্ধের দাবিতেই ২০২৩ সালে রিফর্ম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জনস্বার্থ মামলাটি হয়। শুনানিতে মন্দির কমিটির পক্ষে সওয়ালে আইনজীবী কল্যাণকুমার চক্রবর্তী যুক্তি দেন, রাজ্যের এবং কেন্দ্রীয় আইনে বোল্লা মন্দিরে পশুবলি সম্পূর্ণ নিষিদ্ধ করার কোনো বিধান নেই। পাশাপাশি, জাতি-ধর্ম নির্বিশেষে বহু মানুষ ওই মাংস ভক্ষণ করেন বলেও আদালতে সওয়াল করেন তিনি। শুনানি শেষে আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ। আদালতের এই নির্দেশে বোল্লা কালীর বার্ষিক পুজোয় প্রচলিত রীতি মেনে বলি দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না বলেই মনে করা হচ্ছে।