নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, জঙ্গিপুর: শহরের একটি তালা বন্ধ বাড়িকেই মাদক কারবারের গোপন ডেরা বানিয়েছিল কারবারিরা। সোমবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ শহরের ভিতর এমনই একটি বাড়ির বিষয়ে জানতে পারে পুলিস। রঘুনাথগঞ্জ লালগোলা রাজ্য সড়কে গোপালনগরে রাস্তার পাশেই একটি বাইকের শোরুম সংলগ্ন দোতলা ওই বাড়িটিতে তল্লাশি চালায় পুলিস। প্রথমে তন্নতন্ন করে খুঁজে কিছুই মিলছিল না। অবশেষে জলের পাইপের ভেতরে থেকে প্রচুর পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করে পুলিস। যদিও কেউ ধরা পড়েনি। মাদকগুলি পাচার করতে না পেরে সেখানে লুকিয়ে রাখে কারবারিরা। সুযোগ মতো মাদক ডেলিভারি করা হতো বলে পুলিসের প্রাথমিক অনুমান। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিস অভিযান চালায়। উদ্ধার হয় ৪৫০ গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় পাঁচ লক্ষ টাকা। বাড়িটি বেশ কিছুদিন থেকে তালাবন্ধ। সেটাকে মাদক রাখার গোপন ডেরা বানিয়ে ফেলেছে কারবারিরা। বাড়ির মালিকের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিস। সেখানে কে বা কারা এই হেরোইন লুকিয়ে রেখেছিল, তা তদন্ত করে দেখছে পুলিস। রঘুনাথগঞ্জ থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, জলের পাইপের ভিতর থেকে প্রায় ৪৫০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়ির মালিক এলাকায় থাকে না। সেখানে কারা হেরোইন লুকিয়ে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকায় স্থানীয় বাসিন্দা ছাড়া বহিরাগত কারা যাতায়াত করত, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিস। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের গোপালনগরে একটি বাড়িতে হানা দেয় পুলিস। বাড়িটিতে তালা দেওয়া ছিলো। খোঁজ নিয়ে পুলিস জানতে পারে বাড়িটি লালগোলার এক বাসিন্দার। বর্তমানে তিনি আফ্রিকায় থাকেন। বাড়িটির চারিদিকে তল্লাশি চালায় পুলিস। বহুক্ষণ খোঁজাখুজির পর বাড়ির বাইরে দেওয়ালে লাগানো জল নামার সয়েল পাইপে প্লাস্টিকের প্যাকেট রয়েছে। জলের পাইপের মুখে এমন প্লাস্টিক দেখে সন্দেহ হয় পুলিসের। পাইপের মুখ থেকে সেই প্লাস্টিকের প্যাকেট বের করে পুলিস। প্লাস্টিকের প্যাকেটের ভিতর সিল করা অবস্থায় হেরোইন ভরা ছিল।



