Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উদ্বোধনের আগেই ভেদিয়ার নয়া সেতুতে ভারী যান, বিতর্ক

আউশগ্রামের ভেদিয়ায় উড়ালপুলের কাজ শেষ। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সেতুতে ভারী যান চলাচল শুরু হয়ে গিয়েছে।

উদ্বোধনের আগেই ভেদিয়ার নয়া সেতুতে ভারী যান, বিতর্ক
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামের ভেদিয়ায় উড়ালপুলের কাজ শেষ। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সেতুতে ভারী যান চলাচল শুরু হয়ে গিয়েছে। লরি, ডাম্পার সবই চলাচল করছে। স্থানীয় বাসিন্দারা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাঁদের অভিযোগ, সেতুর কাজ কবে শেষ হল জানতেই পারলাম না, সেতুর উদ্বোধন না হতেই ভারী যান চলাচল শুরু হয়ে গেল। প্রশাসন যান চলাচলে অনুমতি দিয়েছে কি না, তাও জানা যায়নি।
তবে এনএইচ-সি বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর জানা বলেন, সেতুর কাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভেদিয়ায় ওই সেতুর নীচে একফুকোতে বৃষ্টির জল জমে গিয়েছিল। তাই হয়তো স্থানীয় কেউ নতুন সেতুর দু’ দিকের গার্ড খুলে দিয়েছে। সেতুর উদ্বোধন এখনও হয়নি। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ধমান-রামপুরহাট লুপ লাইনের উপরে ভেদিয়া উড়ালপুলটি তৈরি হয়েছে। সেতুর কাজ শুরু হয়েছিল ২০২১ সালের গোড়ার দিকে। প্রায় ১১৬ কোটি টাকা খরচ করে রাজ্য সরকার ভেদিয়ায় রেলের একফুকোর উপরে সেতুটি তৈরি করে। সেতু তৈরির দ্বায়িত্বে ছিল এনএইচ-সি বিভাগ। সেতুটির দৈর্ঘ্য ২ কিমি ২১৯ মিটার। উচ্চতা প্রায় ১১ মিটার। সেতুতে ৭০টি পিলার রয়েছে। সেতুর দু’ দিকে ১৩৪টি পথবাতি বসানো হয়েছে। ১৪৪ নম্বর জাতীয় সড়কের উপরে সেতুটি তৈরি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ রক্ষা করবে সেই সেতু। কলকাতা থেকে বর্ধমানের নবাবহাট হয়ে ১৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে বোলপুর যাতায়াতের ক্ষেত্রে এতদিন অসুবিধা হতো। কারণ, আউশগ্রামের ভেদিয়ার আন্ডারপাস বা একফুঁকোতে অল্প বৃষ্টিতেই জল জমে যেত। ফলে তীব্র যানজট হতো। ভেদিয়ার নতুন সেতু কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার সময় অনেক কমিয়ে দেবে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সেতুর উদ্বোধনের আগেই যানচলাচল শুরু হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ সেতুর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। 
ভেদিয়ার বাসিন্দা রঞ্জন বৈদ্য, অনুপ হাটি বলেন, সেতু তৈরিতে আমরা খুব খুশি। সেতু সবার কাজে লাগবে। কিন্তু সেটা উদ্বোধনের আগে কেন যান চলাচল করতে দেওয়া হল? এতে মানুষের কাছে ভুল বার্তা যাবে। সেতু তৈরিতে যুক্ত এক অফিসার বলেন, সেতুর কাজ শেষ হয়ে গিয়েছে। সেতুর গুণগত মান পরীক্ষাও হয়ে গিয়েছে। উদ্বোধনের আগে সেতু দিয়ে যান চলাচল করছে তার মূল কারণ, বৃষ্টিতে একফুঁকোতে জল জমে গিয়েছে। তাই সমস্যা হচ্ছিল। -নিজস্ব চিত্র

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ