Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিজেপির আশ্বাসই সার, ভারী বৃষ্টিতে ফের জলমগ্ন দিল্লি

বিজেপি সরকারের প্রতিশ্রুতিই সার। বর্ষায় চেনা ছবি ফিরে এল দিল্লিতে। বুধবার দফায় দফায় ভারী বৃষ্টিতে ডুবল দেশের রাজধানী শহর। বাদ যায়নি ল্যুটিয়েন্স দিল্লিও।

বিজেপির আশ্বাসই সার, ভারী বৃষ্টিতে ফের জলমগ্ন দিল্লি
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি সরকারের প্রতিশ্রুতিই সার। বর্ষায় চেনা ছবি ফিরে এল দিল্লিতে। বুধবার দফায় দফায় ভারী বৃষ্টিতে ডুবল দেশের রাজধানী শহর। বাদ যায়নি ল্যুটিয়েন্স দিল্লিও। এছাড়া ডঃ বিডি মার্গ, কোপার্নিকাস মার্গ, সংসদ মার্গ থেকে শুরু করে আইটিও, মহিপালপুর ও অভিজাত এলাকা বলে পরিচিত সিভিল লাইন্স এলাকাও বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। সপ্তাহের মাঝে দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে। অফিস ছুটির সময় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে থাকায় দুর্ভোগ আরও বাড়ে। তীব্র যানজটের শিকার হন নিত্যযাত্রীরা। বুধবার রাত পর্যন্ত দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বুধবার সকালের দিকে দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছিল মৌসম ভবন। পরে আবহাওয়া আরও খারাপ হওয়ায় সন্ধ্যায় লাল সতর্কতা জারি করা হয়। 

Advertisement

এদিন বিকেলে রাজপথে গাড়ি চালিয়ে লাইভ ভিডিও স্ট্রিমিং করেন দিল্লির বিজেপি সরকারের পূর্তমন্ত্রী পরবেশ ভার্মা। সোশ্যাল মিডিয়ায় তিনি বোঝানোর আপ্রাণ চেষ্টা করেন, তুমুল বৃষ্টিতেও দিল্লির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও জল জমেনি! যদিও মন্ত্রীর করা ভিডিও ও বাস্তব পরিস্থিতির মধ্যে যে আকাশ-পাতাল ফারাক রয়েছে, তা বুধবার রাস্তায় বেরিয়েই টের পেয়েছেন দিল্লির বাসিন্দারা। প্রশ্ন উঠছে নিকাশি ব্যবস্থার উন্নয়নে বিজেপি সরকারের ভূমিকা নিয়েও। কলকাতায় বৃষ্টিতে জল জমলেই ‘গেল, গেল’ রব তোলে বিজেপি শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে ভেনিস শহরে পরিণত করেছেন-এমন কটাক্ষও ধেয়ে আসে। অথচ দিল্লি শহর ডুবে গেলেও কার্যত চুপ বিজেপি শিবির। এই অবস্থায় কটাক্ষ করতে ছাড়েনি আম আদমি পার্টি। তাদের দাবি, দিল্লিকে সুইমিং পুলে পরিণত করেছে বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ