নয়াদিল্লি, ১৪ আগস্ট: দিল্লির কল্কাজিতে মর্মান্তিক দুর্ঘটনা! ভারী বৃষ্টির জেরে গাছ উপড়ে পড়ায় মৃত্যু হল এক বাইক আরোহীর। জখম আরও ২। আজ, বৃহস্পতিবার ভোর থেকেই ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত দেশের রাজধানী। সক্রিয় মৌসুমি অক্ষরেখা। সেই কারণে দিল্লি, দিল্লি এনসিআর, উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি চলছে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত দেশের রাজধানী। লাল সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।
জল জমেছে দিল্লির একাধিক রাস্তায়। ডুবেছে আন্ডারপাসও। তার মাঝেই ঘটে গিয়েছে এই বিপত্তি। গাছ উপড়ে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়িও। আজ, বৃহস্পতিবার ভারী বৃষ্টির ফলে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, গুরুগ্রাম-সহ দিল্লি ও তার লাগোয়া বেশ কয়েকটি জায়গায় জল জমেছে। এর ফলে সকাল থেকেই রাস্তায় বেরিয়ে মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৭ অগস্ট পর্যন্ত সেখানে বৃষ্টি চলবে। যদিও দিল্লিতে এদিন ভারী বৃষ্টির ফলে বিমান বা মেট্রো পরিষেবায় কোনও বিঘ্ন ঘটেনি।