Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বুধবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরে নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ

উত্তর বঙ্গোপসাগরে কাল, মঙ্গলবার যে নিম্নচাপটি তৈরি হচ্ছে, শক্তি বৃদ্ধি করে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে রবিবার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।

বুধবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরে নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে কাল, মঙ্গলবার যে নিম্নচাপটি তৈরি হচ্ছে, শক্তি বৃদ্ধি করে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে রবিবার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কয়েকটি জেলায় শুক্র ও শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে। জোরালো হাওয়া থাকার জন্য বুধবার থেকে রাজ্যের উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। 

Advertisement

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলা শক্তিশালী নিম্নচাপটি কোন উপকূলের দিকে যাবে, সে ব্যাপারে রবিবার পর্যন্ত আবহাওয়া দপ্তর কিছু বলেনি। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হওয়ার পর এটির গতিপ্রকৃতি নির্দিষ্টভাবে বলা যাবে। আবহাওয়ার দপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, একটি পূর্বাভাস মডেল মনে করছে, এটি উত্তর-উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে বাংলাদেশ উপকূলের দিকে যাবে। অতি গভীর নিম্নচাপ বা তার থেকে বেশি তীব্রতায় বৃহস্পতিবার নাগাদ এটি উপকূল অতিক্রম করবে। শক্তিশালী নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কিছুটা হলেও রয়েছে বলে মনে করছে মডেলটি। কারণ, অতি গভীর নিম্নচাপ আরও তীব্র হলে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। 
অন্য কয়েকটি মডেল অবশ্য নিম্নচাপটির গতিপ্রকৃতি নিয়ে কিছুটা আলাদা পূর্বাভাস দিয়েছে। আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যে স্থলভূমিতে প্রবেশ করেছে। স্থলভূমিতে প্রবেশ করার পর এটি দুর্বল হয়ে নিম্নচাপ হিসেবে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ হয়ে বঙ্গোপসাগরে ঢুকবে। মঙ্গলবার পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উপর এটি নিম্নচাপ হিসেবে অবস্থান করবে। এরপর ওড়িশা উপকূল বরাবর অগ্রসর হবে এটি। নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে বঙ্গোপসাগরের উপর টেনে নিয়ে যাবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। কয়েকদিনের মধ্যে তা উত্তর বঙ্গোপসাগরে চলে আসবে। নিম্নচাপের ধাক্কায় দক্ষিণবঙ্গে আগেভাগে বর্ষার প্রবেশ ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপটির অবস্থান ও গতিপ্রকৃতির উপর বষিয়টি নির্ভর করছে। নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টির মাত্রা কতটা হবে, তাও এই গতিপ্রকৃতির উপর অনেকটাই নির্ভর করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ