ম্যাঞ্চেস্টার: রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যখন সেঞ্চুরির কাছে, তখনই ড্রয়ের প্রস্তাব দিয়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের ক্যাপ্টেনের এহেন আচরণ নিয়ে চলছে চর্চা। ক্রিকেট মহলে অনেকেই সমালোচনায় মুখর তাঁর এমন অখেলোয়াড়োচিত আচরণের। এমনকী, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়করা নিন্দা করেছেন স্টোকসের। এই প্রসঙ্গে অ্যালিস্টার কুক যেমন বলেছেন, ‘জাদেজা ও সুন্দরের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একেবারে সঠিক। ইংল্যান্ড আসলে হতাশা থেকেই খেলতে চায়নি।’ মাইকেল ভনও একই সুরে বলেন, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা। স্টোকসের সেটা মাথায় রাখা উচিত ছিল।’ সেই সময় হ্যারি ব্রুকের হাতে বল তুলে দিয়েছিলেন স্টোকস। তার আগে জাদেজাকে উদ্দেশ্য করে স্টোকসকে বলতে শোনা যায়, ‘তুমি কি ব্রুকের বিরুদ্ধে ব্যাট করে সেঞ্চুরি হাঁকাতে চাইছ?’ এটা মানতে পারছেন না রবিচন্দ্রন অশ্বিন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘এটা দ্বিচারিতা। সারাদিন তোমার সেরা বোলারদের সামলেছে ওরা। আর যে মুহূর্তে ওরা শতরানের সামনে, তখনই তুমি ম্যাচ শেষ করতে চাইছ? ওদের সেঞ্চুরি কেড়ে নেওয়াই তোমার উদ্দেশ্য? আর ব্রুককে বল দেওয়া তোমার সিদ্ধান্ত, ওদের নয়। সেঞ্চুরিটা ওদের প্রাপ্য। তোমরা উপহার দিচ্ছ না। জাদেজা এবং ওয়াশিংটন নিজেদের যোগ্যতাতেই শতরান করেছে।’ সুনীল গাভাসকর বলেছেন, ‘স্টোকস কীভাবে ওই সময় ড্রয়ের প্রস্তাব দিতে গেল? আমি ভারতীয় অধিনায়ক হলে বাধ্যতামূলক পুরো ১৫ ওভারই ফিল্ডিং করাতাম ইংল্যান্ডকে।’ অস্ট্রেলিয়ার প্রচারমাধ্যমেও সমালোচিত হচ্ছেন স্টোকস। ইংল্যান্ডকে ‘উদ্ধত, নির্লজ্জ, ভণ্ড’ অ্যাখ্যা দিয়েছে ডনের দেশের মিডিয়া। প্রাক্তন অজি কিপার ব্র্যাড হ্যাডিন বলেছেন, ‘ইংল্যান্ড যখন বুঝেছে যে টেস্ট জিততে পারবে না, তখনই ওরা ড্রয়ের প্রস্তাব দেয়। ভারত তাতে সাড়া না দিয়ে ঠিক করেছে।’



