চোখের সামনে ‘রেট চার্ট’ টাঙান, প্রাইভেট হাসপাতাল সংগঠনকে বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকলের নজরে আসে, হাসপাতালের এমন খোলামেলা জায়গায় বাংলায় ‘রেট চার্ট’ টাঙাতে হবে। কী কী পরিষেবা পাওয়া যায় এবং তার খরচ কত,  লিখতে হবে সেখানে। কোন কোন পরিষেবা পাওয়া যায় না, জানিয়ে দিতে হবে সেকথাও। সদ্য তৈরি হয়েছে রাজ্যের ছোটো এবং মাঝারি প্রাইভেট হাসপাতাল-নার্সিংহোমগুলির নয়া সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম’। শুক্রবার সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্যভবনে এক বৈঠকে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকে তিনি হাসপাতাল কর্তাদের বলেন, প্রতিটি প্রাইভেট হাসপাতালে যেন উপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা, ইমার্জেন্সি 

Advertisement

বেরনোর দ্বিতীয় দরজা সহ জরুরি ব্যবস্থাগুলি থাকে। 
আদর্শ নিয়মবিধি মেনে হাসপাতাল বর্জ্য নিষ্কাষনে জোর দেন মন্ত্রী। পাশাপাশি তিনি জানান, জরুরি ভিত্তিতে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হলে যেন ফ্রি 
অ্যাম্বুলেন্স দেওয়া হয়। 
এছাড়া সর্পাঘাতের চিকিৎসার যাবতীয় পরিকাঠামো ও ওষুধ রাখা, যক্ষ্ণা নিবারণসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচি পালন করতেও বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে, হাসপাতাল কর্তারা লাইসেন্স এবং প্রশাসনিক বিভিন্ন নিয়মকানুন মানা এবং রিনিউয়ালের ক্ষেত্রে ‘সিঙ্গল উইন্ডো’ নীতি চালুর আবেদন করেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। 
প্রসঙ্গত, নতুন সংগঠনটির রাজ্য সম্পাদক হয়েছেন ডাঃ রাজীব পাণ্ডে।
এদিনের বৈঠকে হাসপাতালের ফার্মেসিতে রোগ এবং রক্তপরীক্ষায় ছাড়ের ব্যবস্থা রাখা উচিত বলে জানান মন্ত্রী। এদিকে নয়া প্রকল্প আয়ুষ্মান ভারতসহ বিভিন্ন স্বাস্থ্যপ্রকল্পের টাকা যাতে আটকে না থাকে, তার জন্যও আলোচনা হয়। -ফাইল চিত্র