স্বস্তিতে ভারত, রুশ তেল কেনায় শুল্কে ছাড় ট্রাম্পের
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৯:৩৪
Prefer us on Google

ওয়াশিংটন, ১৭ অক্টোবর: উৎসবের আবহে খুশির খবর। রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলির উপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সন্ধ্যায় জারি করা এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, মার্কিন জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই এই ছাড় দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে ভারত ও চিনের মতো রুশ জ্বালানির বড়ো ক্রেতা দেশগুলি আপাতত স্বস্তি পেল।

Advertisement

গত ১৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত লিন্ডসে ও গ্রাহাম আইনে রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি, রুশ তেল কেনা দেশগুলির পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ব্যবস্থা রাখা হয়েছিল। এমনকি রাশিয়ার পণ্যে শুল্ক ৫০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা ছিল। তবে ট্রাম্পের নতুন সিদ্ধান্তে এই প্রস্তাবিত শুল্কগুলি থেকে আপাতত ছাড় মিলেছে। 
ভারত আগেই সতর্ক করেছিল, অতিরিক্ত মার্কিন শুল্ক দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। কেন্দ্রের বক্তব্য, দেশের জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করাই তেল কেনার প্রধান লক্ষ্য। ইরানকে কেন্দ্র করে চলা যুদ্ধের জেরে আমেরিকায় জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের চাপও ট্রাম্পের সিদ্ধান্তের পিছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। তবে রাশিয়ার তেল কেনা এবং নিষেধাজ্ঞা এড়ানোর প্রচেষ্টার উপর নজরদারি চালিয়ে যাবে মার্কিন প্রশাসন। ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আবারো পদক্ষেপ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।