মেডিকেলে ‘বহিরাগত’ তাণ্ডবের প্রতিবাদ চিকিত্সকদের, তদন্ত কমিটি গঠন করে ‘মানসিক মাওবাদী’দের নিশানা স্বাস্থ্যমন্ত্রীর
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ স্ট্রিটের বই বিপণিতে চকোলেট বোমার ধোঁয়া মিলিয়ে যেতে না যেতেই বুধবার সন্ধ্যায় কলকাতা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে লাঠি-ইট নিয়ে ভাঙচুর করতে যায় একদল দুষ্কৃতী। ভাঙচুরের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও গ্রেপ্তারির সংখ্যা এখনও শূন্য। এদিকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এই ঘটনার পিছনে মেডিকেল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এমসিডিএসএ) একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের ‘মানসিক মাওবাদী’ ও ‘নকশালপন্থী’ও বলেছেন। বুধবার রাতের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মেডিকেল কলেজের জুনিয়র চিকিত্সক, ইন্টার্ন সহ অন্যান্য চিকিত্সকরা মিছিল করেন। তাঁদের সাফ বক্তব্য, মেডিকেল কলেজে ভাঙচুর চালিয়েছে বহিরাগত এবিভিপি।

Advertisement

এদিন জরুরি বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত বলেছেন, ‘তদন্তের মাধ্যমে যা পদক্ষেপ নেওয়ার নেওয়া হবে। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ থেকে ১৫ জন নকশালপন্থী মানসিক মাওবাদী, এমসিডিএসএর সদস্য ভিতরে তাণ্ডব করেছে। কিছু বহিরাগত নাকি এসে ঝামেলা করেছে। তাদেরকেও সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হবে। কলকাতা পুলিশের সাহায্য চাওয়া যাবে।’ হাসপাতালের তরফে পুলিশের কাছে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার দুপুরের দিকে শান্তিরক্ষার দাবিতে রাষ্ট্রবাদী সরকারি কর্মচারীদের সংগঠন জাতীয় পতাকা হাতে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে মিছিল করে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, মেডিকেল কলেজের ঘটনার সূত্রপাত চোরবাগান কাণ্ডের পর সাংবাদিকদের সামনে ইন্টার্ন চিকিৎসকদের মুখ খোলার পর থেকেই। ইন্টার্নরা পরিকাঠামোর খামতির কথা তুলে ধরেছিলেন। চিকিত্সকদের বক্তব্য, পরিকাঠামোর কথা বলার জন্যই আট ইন্টার্নকে শো-কজ করা হয়। সেই শো-কজের প্রতিবাদ করতেই অধ্যক্ষর দপ্তরে প্রতিবাদ জানাচ্ছিলেন চিকিত্সকরা। তখনই বহিরাগতরা আক্রমণ চালায় বলে অভিযোগ। মেডিকেল কলেজের পড়ুয়াদের পাশে দাঁড়াতে দুপুরের দিকে চিকিত্সক অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, সৌম্যদীপ রায় প্রমুখ হাসপাতালে উপস্থিত হন। হাজির হয়েছিলেন সিনিয়র চিকিত্সকরাও। বৃষ্টির কারণে মেডিকেল কলেজের ভিতরেই কনভেনশন হয়। আক্রমণের প্রতিবাদে সন্ধ্যায় তাঁরা মিছিল করেন। অনিকেতের কথায়, ‘কলকাতা, যাদবপুর, এসআরএফটিআই, প্রেসিডেন্সির পর মেডিকেল কলেজ, ধারাবাহিক আক্রমণ চলছেই।’ দেবাশিস বলেন, ‘যারা ভাঙচুর চালাল, ইন্টার্নদের গায়ে হাত তুলল, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। শো-কজ প্রত্যাহার করতে হবে। খামতি ঢাকার জন্য সরকার যা করছে, সেগুলো ঠিক নয়। পরিকাঠামোর উন্নতি হোক।’
মেডিকেল কলেজ প্রসঙ্গে এবিভিপির দক্ষিণবঙ্গ প্রদেশ সম্পাদক নীলকন্ঠ ভট্টাচার্যের বক্তব্য, ‘ইন্টার্নদের শো-কজ পুরোপুরি প্রশাসনিক বিষয়। সেটা নিয়ে বামপন্থীরা আন্দোলন শুরু করে। আমাদের এবিভিপি ইউনিট সম্পাদক সেখানে গেলে, তাঁর উপর আক্রমণ করা হয়।’