সব্জির সঙ্গে নুন, মরিচ, লেবুর রস ও সামান্য তেল যোগ করে তা সুস্বাদু করে তোলার রীতি নতুন নয়। বহু প্রাচীনকাল থেকেই এইভাবে সব্জি খাওয়ার চল রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। পাশ্চাত্যে বিশেষত নিরামিষের চেয়ে আমিষ পদের বাহুল্য থাকায় সুস্বাদু করে নিরামিষ পরিবেশন করার ক্ষেত্রে গৃহিণীরা অনেক সময়ই তা ভাপিয়ে নিয়ে নুন, মরিচ, লেবু সহযোগে মেখে পরিবেশন করতেন। বিংশ শতাব্দীতে সব্জির সঙ্গে চিকেন ও পাউরুটির টুকরো মেশানো শুরু হয়। তৈরি হয় সিজার স্যালাড। তারও পরে পদটিকে আরও সুস্বাদু করতে স্বাস্থ্যকর স্যস তৈরি করে তা মাখিয়ে পরিবেশন করা শুরু হয় এই পদ।
গ্রিলড চিকেন সিজার স্যালাড
উপকরণ: আইসবার্গ লেটুস ১৫০ গ্রাম, বোনলেস চিকেন ১৫০ গ্রাম, অলিভ অয়েল ৫ মিলি, ক্রুটন ব্রেড ১০ কিউব, ডিম ১টা, ফালি করে কাটা টম্যাটো ২ গ্রাম, ব্ল্যাক অলিভ ৪ গ্রাম, পার্মেসান চিজ ৫ গ্রাম, পার্সলে পাতা কুচি ৩ গ্রাম, ইংলিশ মাস্টার্ড ৩ মিলি, উস্টারশায়ার স্যস ২ মিলি, রসুন কুচি ৫ গ্রাম, লেবুর রস ১টা, রোসমেরি সামান্য, থাইম অল্প, সাদা তেল ১৫ মিলি, নুন স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো সামান্য, আইসিং সুগার অল্প।
প্রণালী: চিকেনের পিসগুলো একটা বড় বাটিতে নিয়ে তাতে অল্প সাদা তেল, লেবুর রস, রসুন কুচি, উস্টারশায়ার স্যস, নুন, মরিচ মাখিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। যত বেশিক্ষণ রাখবেন চিকেন ততই মশলায় মজে থাকবে। আধ ঘণ্টা পরে রোসমেরি ও থাইম চিকেনের সঙ্গে মিশিয়ে দিন। এবার অন্য একটা বাটিতে ড্রেসিং বানানোর জন্য মেয়োনিজ, মাস্টার্ড, রসুন কুচি, নুন, মরিচ গুঁড়ো, গ্রেট করা পার্মেসান চিজ নিয়ে উইস্ক দিয়ে ফেটিয়ে নিন। প্রয়োজনে অল্প জলও মেশাতে পারেন। মোটামুটি তরল ড্রেসিং তৈরি হবে। এবার ক্রুটন ব্রেডের কিউবগুলো কড়া করে সেঁকে নিয়ে তা অলিভ অয়েলে নেড়ে নিন। লেটুস পাতা মোটা ফালি করে কেটে নিন। এবার গ্রিল ট্রে মাঝারি গরম করে নিন। তাতে অল্প তেল ব্রাশ করে নিন। ম্যারিনেট করা চিকেন দিয়ে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে তা গ্রিল করে নিন। এরপর একটু ঠান্ডা হলে তা স্লাইস করে কেটে নিন। এরপর স্যালাড বোলে সব উপকরণ একে একে নিয়ে তা মিশিয়ে নিন। ড্রেসিং খানিকটা তার মধ্যে ঢেলে দিন। বাকি উপর থেকে ঢেলে পরিবেশন করুন।
হাওয়াইয়ান স্যালাড
উপকরণ: আইসবার্গ লেটুস ১০ গ্রাম, সবুজ লেটুস, বেল পেপার ১০ গ্রাম, আনারস স্লাইস করে কাটা ৩-৪ স্লাইস, মেয়োনিজ ৩০ মিলি, চিকেন ব্রেস্ট বোনলেস ১৫০ গ্রাম, নুন স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো সামান্য, লেবুর রস ১ খানা, গুঁড়ো চিনি সামান্য, থাইম ও রোজমেরি অল্প করে, সাদা তেল ১৫ মিলি, রসুন কুচি ৫ গ্রাম, ইংলিশ মাস্টার্ড ৩ মিলি, উস্টারশায়ার স্যস ২ মিলি।
প্রণালী: চিকেনের পিসগুলো একটা বড় বাটিতে নিয়ে তাতে অল্প সাদা তেল, লেবুর রস, রসুন কুচি উস্টারশায়ার স্যস, নুন, মরিচ, থাইম ও রোজমেরি মাখিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। তারপর তা গ্রিল করে নিন। চিকেন সঠিক মাত্রায় গ্রিল করার পর তা সামান্য ঠান্ডা করুন। তারপর স্লাইস করে কেটে নিন। এবার আনারসের স্লাইস করে নিন। ইতিমধ্যে স্যালাড ড্রেসিংয়ের জন্য মেয়োনিজের সঙ্গে ইংলিশ মাস্টার্ড ফেটিয়ে নিন। নুন, চিনি ও সামান্য জল মিশিয়ে একটা মোটামুটি তরল মিশ্রণ বানিয়ে নিন। এরপর চিকেন, আনারস ও স্যালাড ড্রেসিং মিশিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিন। খানিকটা স্যালাড ড্রেসিং উপরে ছড়ানোর জন্য রাখবেন। ইতিমধ্যে দু’রকম লেটুস পাতা ধুয়ে পরিষ্কার করে নিন। আইসবার্গ লেটুস পাতা আস্ত রেখে সবুজ লেটুস ফালি করে কেটে নিন। চিকেনের মিশ্রণে এই লেটুস মিশিয়ে দিন। এবার গোটা লেটুস একটা প্লেটে সাজিয়ে তার উপর চিকেনের মিশ্রণ সাজিয়ে দিন। উপর থেকে বাকি ড্রেসিং ছড়িয়ে পরিবেশন করুন।