দুবাই: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রতিটি টেস্টই গড়িয়েছে পঞ্চম দিনে। প্রথম চারটি ম্যাচে তো শেষ সেশন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ফলাফলের জন্য। এমন হাড্ডাহাড্ডি লড়াই ও নাটকীয়তা টেস্ট ক্রিকেটের পক্ষে ভালো বিজ্ঞাপন বলেই মনে করছে ক্রিকেটে মহল। তবে এই সিরিজে ব্যবহৃত পিচগুলি ভালো রেটিং পায়নি। অবশ্য ওভাল টেস্টের রেটিং এখনও প্রকাশিত হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিচারে ‘ভেরি গুড’ পেয়েছে শুধুমাত্র লিডসের হেডিংলেতে অনুষ্ঠিত প্রথম টেস্টের পিচ। পরের তিন ম্যাচের পিচ সেই রেটিং পায়নি। উল্লেখ্য, ‘ভেরি গুড’-ই পিচের ক্ষেত্রে আইসিসি’র সেরা রেটিং। বার্মিংহামের এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের পিচকে বলা হয়েছে সন্তোষজনক। লন্ডনের লর্ডস ও ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্টের পিচও ‘সন্তোষজনক’ অ্যাখ্যা পেয়েছে। তবে চারটি টেস্টের আউটফিল্ডই পেয়েছে ‘ভেরি গুড’ রেটিং। এখন ওভাল টেস্টের পিচ ও আউটফিল্ড কী রেটিং পায়, সেটাই দেখার।



