চণ্ডীগড়: এবার অতীতের পাকিস্তান সফরের কথা তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ২০১৫ সালে আকস্মিক পাকিস্তান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেখা করেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে। সেই প্রসঙ্গ টেনে শুক্রবার বিধানসভায় মোদিকে খোঁচা দিয়েছেন ভগবন্ত। তিনি বলেন, ‘উনি পাকিস্তানে যেতে পারেন। তাতে কোনও সমস্যা নেই। অথচ আমরা যেতে পারি না।’ তাঁর মন্তব্য, ‘মনে হয়, প্রধানমন্ত্রী বিমানে নীচের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ওটা কোন দেশ। যদি বলা হয় ওমুক দেশ, তিনি বলেন, চিন্তা নেই, আমরা যেখানে যাচ্ছি, সেখানে এক ঘণ্টা দেরি করে পৌঁছব, চলো এখনই এখানে নামা যাক। এভাবেই তিনি পাকিস্তানে অবতরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেয়ে চলে এলেন!’ এর আগেও প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ করেছিলেন মান। বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী আবার কোথাও ঘুরতে গিয়েছিলেন। সমস্ত অখ্যাত দেশে ঘুরে বেড়ান তিনি।’



