Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরোধী দলনেতা ঋতব্রতই, অন্তর্বর্তী রায় হাইকোর্টের

বিরোধী দলনেতা ঋতব্রতই, অন্তর্বর্তী রায় হাইকোর্টের
  • ১৮ জুন, ২০২৬ ১১:২৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ১৮ জুন: হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। রাজ্য বিধানসভায় তৃণমূলের ‘বিদ্রোহী’ ব্লকের বিধায়কদের নির্বাচিত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বিরোধী দলনেতা। এই সংক্রান্ত মামলায় আপাতত কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। দু’দিনের দীর্ঘ শুনানি চলার পর বৃহস্পতিবার এ বিষয়ে অন্তর্বর্তী নির্দেশ দিলেন না বিচারপতি কৃষ্ণা রাও। শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ নয় জানিয়ে দিলেন বিচারপতি। জুলাই মাসে ফের এই মামলার শুনানি।

Advertisement

আজ থেকে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। যে কারণে দ্রুত রায়দানের আবেদন জানানো হয়েছিল। এদিন অন্তর্বর্তী নির্দেশে বিষয়টি নিয়ে কোনো হস্তক্ষেপ করল না আদালত।
পালা বদলের পর রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা ৫৮ জন বিধায়কের সমর্থন দেখিয়ে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার কথা বলেন। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রতকে নির্বাচিত করেন। স্পিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন শোভনদেব। গত দু’দিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই।

Advertisement
সম্পর্কিত সংবাদ