দুবাই: এশিয়া কাপের সুপার ফোরে শিলমোহর পেল টিম ইন্ডিয়া। গ্রুপে পর পর দু’টি ম্যাচ জিতে পরের রাউন্ডে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলেছিলেন সূর্যকুমাররা। সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে আরব আমিরশাহি ৪২ রানে ওমানকে হারানোয় পাকা হল ভারতের সুপার ফোরের টিকিট। উল্লেখ্য, গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে ওমানের বিরুদ্ধে। তা হবে মূলত পরের রাউন্ডে লড়াইয়ে নামার মহড়া। এখনও পর্যন্ত টুর্নামেন্টে টিম ইন্ডিয়া যেভাবে দাপট দেখিয়েছে, তাতে ২৮ সেপ্টেম্বর সূর্যদের ফাইনালে ওঠার সম্ভাবনা প্রবল।
এদিকে, ‘বি’ গ্রুপের ম্যাচে সোমবার হংকংকে লড়ে হারাল শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাট করে হংকং তোলে ৪ উইকেটে ১৪৯ রান। ওপেনার জিশান আলির সংগ্রহ ২৩। অংশী রথ ৪৮ রানে আউট হন। ঝোড়ো ব্যাটিং করেন নিজাকত খান। তাঁর সংগ্রহ ৩৮ বলে অপরাজিত ৫২। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক দু’টি উইকেট নেন দুস্মন্ত চামিরা। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। শেষদিকে চাপের মুখে দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল হাসারাঙ্গা। মাত্র ৯ বলে ২০ রান করেন তিনি। এই জয়ের ফলে সুপার ফোরের দিকে পা বাড়িয়ে দিল শ্রীলঙ্কা।