Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কোরিয়ার বিরুদ্ধে ড্র হরমনপ্রীতদের

এশিয়া কাপ হকিতে গতবারের চ্যাম্পিয়নদের বশ মানানোর সুযোগ নষ্ট ভারতের।

কোরিয়ার বিরুদ্ধে ড্র হরমনপ্রীতদের
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাজগির: এশিয়া কাপ হকিতে গতবারের চ্যাম্পিয়নদের বশ মানানোর সুযোগ নষ্ট ভারতের। বুধবার রাজগিরে অসংখ্য সুযোগ হাতছাড়া করলেন হরমনপ্রীতরা। ফলে সুপার ফোরের প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে ২-২ ড্র করেই মাঠ ছাড়তে হল ক্রেগ ফুলটন ব্রিগেডকে। ভারতের দুই গোলদাতা হার্দিক সিং, মনদীপ সিং। অভিষেক, সুখজিৎরা প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে হাসতে হাসতে আসত জয়। সেক্ষেত্রে ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়ত।

Advertisement

ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় ভারত। সুখজিতের থেকে বল নিয়ে একক নৈপুণ্যে প্রতিপক্ষের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল হার্দিকের (১-০)। গোল হজম করতেই নড়েচড়ে বসে কোরিয়া। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান জিউন ইয়াং (১-১)। দু’মিনিট পর পেনাল্টি পায় কোরিয়া। পেনাল্টি স্ট্রোক থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি হিয়েনহং কিংয়ের (২-১)। দ্বিতীয় কোয়ার্টারেও কোরিয়ার দাপট অব্যাহত ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ভারত। কিন্তু ফরোয়ার্ড অভিষেক বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো একাধিক সুযোগ নষ্ট করেন। 
প্রশংসা প্রাপ্য কোরিয়ার গোলরক্ষকেরও। দুরন্ত কয়েকটি সেভ করেন তিনি। চতুর্থ কোয়ার্টারের শুরুতেও গোল ছাড়া সবকিছুই করছিলেন হার্দিকরা। শেষ পর্যন্ত ৫২ মিনিটে সুখজিতের সাজিয়ে দেওয়া বল থেকে সমতাসূচক গোল করেন মনদীপ (২-২)। স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্যালারিতে হাজির সমর্থকরা। কারণ, সুপার ফোরের প্রথম ম্যাচ হারলে ফাইনালের পথ দুর্গম হতো ভারতের।

Advertisement
সম্পর্কিত সংবাদ