নভি মুম্বই: দুরন্ত হরমনপ্রীত কাউর। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নট আউট ছিলেন ৭৪ রানে। আর মঙ্গলবার গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে উপহার দিলেন ৪৩ বলে অপরাজিত ৭১। বাউন্ডারি মেরে ম্যাচও জেতালেন চার বল বাকি থাকতে। তিন ম্যাচে চার পয়েন্ট, হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে।
এদিন ১৯৩ রানের টার্গেট তাড়া করে সাত উইকেটে জিতল মুম্বই। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এটা মহিলাদের প্রিমিয়ার লিগে সর্বাধিক সফল রান তাড়া। এই আসরে মুম্বই ইন্ডিয়ান্স কখনও এত বড় রান তাড়া করেনি। শুরুটা যদিও ভালো হয়নি তাদের। গুনালান কমলিনী (১৩) ও হেইলে ম্যাথিউজ (২২) ফিরে যান জলদি। ৩৭-২ অবস্থায় জোট বাঁধেন হরমনপ্রীত ও আমনজোৎ কাউর। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৭২ রান। আমনজোৎ ফেরেন ৪০ রানে। এরপর নিকোলা ক্যারির সঙ্গে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে মাত্র ৪৩ বলে ৮৪ তোলেন হরমনপ্রীত। মারেন সাতটি চার ও দুটো ছক্কা। তাঁর দাপটেই অনায়াসে জিতে যায় মুম্বই।
তার আগে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত ৫ উইকেটে তোলে ১৯২। ভারতী ফুলমালি ১৫ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। হাঁকান ৩টি চার ও ৩টি ছক্কা। তাঁর সঙ্গী ছিলেন জর্জিয়া ওয়ারেহ্যাম। ৩৩ বলে অপরাজিত ৪৪ করেন তিনি। এতে রয়েছে চারটি চার ও একটি ছক্কা। এদিন ছয়ে নামা আয়ূষ সোনি (১৪ বলে ১১) রিটায়ার্ড আউট হন। দ্রুত রান করতে পারছিলেন না তিনি। সেজন্যই এমন সিদ্ধান্ত। গুজরাত জায়ান্টস টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা কাজেও দেয়। সাতে ভারতী ফুলমালিকে নামানোর সুফল পায় তারা। শেষ চার ওভারে ঝড়ের গতিতে ওঠে রান। তবে হরমনপ্রীতের দাপটে ম্লান হয়ে গেল ভারতীর ঝড়।